হ্যারি ব্রুকের ২৮ বলে বিধ্বংসী ৬৫ রানের ইনিংসের পরও হোঁচট খেল সফররত ইংল্যান্ড। স্বাগতিক অস্ট্রেলিয়ার নিখিল চৌধুরী ও জ্যাক এডওয়ার্ডসের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে প্রথম টি-২০ জিতে স্বাগতিক অস্ট্রেলিয়া ৩ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
নিকিল চৌধুরী ও জ্যাক এডওয়ার্ডসের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রথম টি-টোয়েন্টিতে এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে হতাশার একটি সপ্তাহের সমাপ্তি ঘটেছে। একই সঙ্গে উজ্জ্বল ভবিষ্যতেরও ইঙ্গিত দিয়েছেন এই দুই ক্রিকেটার।
বল হাতে দুজনই দুটি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফিরিয়ে আনেন। শুরুতে বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে হ্যারি ব্রুক ২৮ বলে ৬৫ এবং টম বেনটন ২২ বলে ৩৯ রান করে ইংল্যান্ডকে ১০ ওভারে ১১৯/৪ রানের শক্ত অবস্থানে পৌঁছে দেন। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ১৮৭/৯ রানে আটকে রাখে অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট হাতে অসাধারণ ৬৬ রানের ইনিংস খেলেন চৌধুরী। মাত্র ৩৮ বলে সাজানো এই ইনিংসটি ছিল তাঁর প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতক। এর আগে স্যাম হার্পার ১৫ বলে ৩২ রান করে দলকে ভালো শুরু এনে দেন। তবে মিচেল মার্শ ৩২ বলে ৩৭ রান করতে বেশ সংগ্রাম করেন।
জয়ের জন্য শেষ ১২ বলে যখন ২০ রান প্রয়োজন, তখন আউট হন চৌধুরী। এরপর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এডওয়ার্ডস। মাত্র ১১ বলে অপরাজিত ২৫ রান করে এক বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। স্যাম কারানের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান।
অন্যদিকে, ইংল্যান্ডের হতাশা আরও বাড়িয়ে দেয় উইল জ্যাকসের গুরুতর হাতের চোট। শেষের আগের ওভারে বেন ডোয়ারশুইসের জোরে মারা ফিরতি ক্যাচ ধরতে গিয়ে তাঁর হাতের আঙুলের মাঝের চামড়া ফেটে যায়। ফলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
ব্রুকের ব্যাটে অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের দুর্দশা:
ইংল্যান্ডের শুরুটা হয়েছিল একেবারেই হতাশাজনকভাবে। জোয়েল ডেভিসের করা ইনিংসের প্রথম বলেই ফিল সল্ট মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এটি ছিল ওপেনার হিসেবে সল্টের ষষ্ঠ গোল্ডেন ডাক। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি গোল্ডেন বা ডায়মন্ড ডাকের বিশ্বরেকর্ড গড়েন তিনি। তবে মার্শের ক্যাচ ধরার সময় বল নিয়ে অস্বস্তিকর জাগলিং ছিল অস্ট্রেলিয়ার পরবর্তী ফিল্ডিং বিপর্যয়ের ইঙ্গিত।
প্রথম ১০ ওভারে চারটি ক্যাচ ফেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ব্রুকের দুটি ক্যাচ হাতছাড়া করা। দ্বিতীয় ওভারে মাত্র ২ এবং তৃতীয় ওভারে ৩ রানে থাকার সময় দুবার জীবন পান তিনি। রাইলি মেরেডিথের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে জেক ফ্রেজার-ম্যাকগার্ক সহজ ক্যাচ ফেলেন। পরের ওভারে জ্যাক এডওয়ার্ডসের বলে শর্ট থার্ড ম্যান অঞ্চলে অ্যাডাম জাম্পার হাত ফসকে বল চার হয়ে যায়।
এর আগে অ্যানিউরিন ডোনাল্ডের ব্যাটের কানায় লাগা বলও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি অভিষিক্ত উইকেটকিপার স্যাম হার্পার। পরে অবশ্য মিড-অফে ক্যাচ দিয়ে বিদায় নেন ডোনাল্ড। দুটি জীবন পাওয়ার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন ব্রুক। ইনিংসের চতুর্থ ওভারে মেরেডিথকে টানা চার বলে চারটি বাউন্ডারি হাঁকান তিনি। ফাইন লেগের ওপর দিয়ে ফ্লিক, শর্ট থার্ড ম্যানের ওপর দিয়ে র্যাম্প শট, ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা এবং কভার দিয়ে চার মেরে ওই ওভারে তুলে নেন ২৪ রান। পরের ওভারে ডোয়ারশুইসকেও ছক্কা হাঁকান তিনি। এরপর ষষ্ঠ ওভারে এডওয়ার্ডসকে পরপর দুটি ছক্কা মেরে মাত্র ২০ বলে অর্ধশতক পূর্ণ করেন ব্রুক।
পাওয়ারপ্লেতে ৭৪ রান তুলে ফেলে ইংল্যান্ড। নবম ওভারে ডেভিডের হাতে বেনটনের ক্যাচ পড়ার পর ব্রুক ও বেনটন মাত্র ৬.৫ ওভারে ৯৭ রানের জুটি গড়েন। ফলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১১০/২।
চৌধুরীর স্পিনে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া:
জাম্পার প্রথম ওভারে ২০ রান খরচ হওয়ার পর অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নিকিল চৌধুরী। নিজের মাত্র চতুর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই দুর্দান্ত লেগ স্পিনে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান তিনি। ৬৫ রানে থাকা ব্রুক চৌধুরীর বলে সূক্ষ্মভাবে শট খেলতে গিয়ে হার্পারের হাতে ক্যাচ দেন। এরপর বেনটন ডোয়ারশুইসের বলে লেগ সাইডে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন। গভীর অঞ্চল থেকে দুর্দান্ত ডাইভে সেই ক্যাচ নেন লাচলান শ।
১০ ওভারে ১১৯/৪ রান তোলা ইংল্যান্ড পরের ১০ ওভারে কার্যত থমকে যায়। শেষ ১০ ওভারে তারা মাত্র ছয়টি চার মারে, কোনো ছক্কা আসেনি। এই সময়ে মাত্র ৬৮ রান যোগ করে তারা। জাম্পার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন দুর্দান্ত ছন্দে থাকা জ্যাকস। চৌধুরীর বলে বড় শট খেলতে গিয়ে লাচলান শ-এর হাতে ক্যাচ দেন স্যাম কারান। ২০ বলে ২১ রান করে ফেরেন তিনি। চার ওভারে মাত্র ২১ রান দিয়ে দুটি উইকেট নেন চৌধুরী। জ্যাক এডওয়ার্ডসও শেষ ওভারে মাত্র ছয় রান খরচ করেন। জোয়েল ডেভিস ২২ রানে একটি উইকেট নেন।
ফ্রেজার-ম্যাকগার্ক ব্যর্থ, হার্পারের ব্যাটে আশার আলো:
ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার একাদশে জেক ফ্রেজার-ম্যাকগার্কের নাম ঘোষণার সময় দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। ঘরোয়া একদিনের ক্রিকেটে দুর্দান্ত ফর্মের সুবাদে ১৫ মাস পর আবারও জাতীয় দলে ফিরেছিলেন তিনি। কিন্তু মাঠে নেমে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ইনিংসের প্রথম ওভারেই লিয়াম ডসনের বলে বড় শট খেলতে গিয়ে বোল্ড হন তিনি। অন্যদিকে, মেলবোর্ন ক্রিকেট ক্লাবের দর্শকদের কাছ থেকে দারুণ সমর্থন পান স্যাম হার্পার। তাঁর পরিবার ও বন্ধুবান্ধবের অনেকেই মাঠে উপস্থিত ছিলেন।
শুরুতে কিছুটা সতর্ক থাকলেও পরে নিজের পরিচিত আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফেরেন হার্পার। র্যাম্প, স্কুপ ও কাট শটে ইংল্যান্ডের বোলারদের চাপে রাখেন তিনি। জেমি ওভারটনের বলে তাঁর অসাধারণ সোমারসল্ট স্কুপ শটে ছক্কাটি ছিল রাতের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত। পরে অভিষিক্ত বোলার হেনরি ক্রোকম্বের বলে আরও একটি ছক্কা হাঁকান হার্পার। তবে পাওয়ারপ্লের শেষ বলে ক্রোকম্বের স্লোয়ার ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে ১৫ বলে ৩২ রান করে আউট হন তিনি।
অন্য প্রান্তে মার্শ তখনও রান তুলতে সংগ্রাম করছিলেন। শেষ পর্যন্ত আদিল রশিদের বলে শর্ট ফাইন লেগে অসাধারণ ক্যাচ নেন ডসন। ৩২ বলে ৩৭ রান করে ফেরেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তখন জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৫৪ বলে ৯৩ রান, হাতে সাত উইকেট।
শেষ মুহূর্তে এডওয়ার্ডসের বীরত্বে জয়:
ব্যাট হাতে নিকিল চৌধুরী নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলেন। ৩৬০ ডিগ্রিতে চারদিকে শট খেলার দক্ষতা দেখিয়ে ধীরস্থিরভাবে এগিয়ে নেন দলকে। ডেভিডের সঙ্গে তাঁর জুটি অস্ট্রেলিয়ার জয়ের আশা জোরালো করে তোলে।
তবে আদিল রশিদের অভিজ্ঞতা ম্যাচে আবারও প্রভাব ফেলে। ডেভিডকে লং-অনে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। দুজনের ৪৮ রানের জুটি ভাঙার পর জ্যাকসের বলে দ্রুত ফিরে যান শ ও ডেভিস। ফলে শেষ ১৮ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন দাঁড়ায় ৩২ রান। ওভারটনের বলে পরপর দুটি চার ও ছক্কা হাঁকিয়ে সমীকরণ সহজ করেন চৌধুরী। জয়ের জন্য তখন প্রয়োজন ১৩ বলে ২০ রান। কিন্তু স্কয়ার অঞ্চলে বড় শট খেলতে গিয়ে ডিপ স্কয়ারে ক্যাচ দেন তিনি। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেন জ্যাক এডওয়ার্ডস।
অস্ট্রেলিয়ার নির্বাচকেরা দীর্ঘদিন ধরেই একজন কার্যকর অলরাউন্ড ফিনিশারের সন্ধানে ছিলেন। এদিন এডওয়ার্ডস বুঝিয়ে দেন, সেই দায়িত্ব পালনের সামর্থ্য তাঁর রয়েছে। দুটি ছক্কা ও একটি চার মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
কারানের শেষ ওভার শুরুর আগে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১১ রান। প্রথম বলেই ছক্কা হাঁকান এডওয়ার্ডস। এরপর বাকি পাঁচ বলে মাটি কামড়ানো বুদ্ধিদীপ্ত শটে প্রয়োজনীয় রান তুলে নেন তিনি। এক বল হাতে রেখেই ১৯১/৭ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
দিনের নায়ক নিকিল চৌধুরী ও জ্যাক এডওয়ার্ডস। বল হাতে চার উইকেট এবং ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৯১ রান-এই দুই ক্রিকেটারের অসাধারণ পারফরম্যান্সেই ৩ উইকেটের জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
প্রথম টি-টোয়েন্টি। ভেন্যু: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)
ইংল্যান্ড ১৮৭/৯ (ব্রুক ৬৫, বেনটন ৩৯, চৌধুরী ২/২১, এডওয়ার্ডস ২/২৭)
অস্ট্রেলিয়া ১৯১/৭ (চৌধুরী ৬৬, মার্শ ৩৭, জ্যাকস ২/২৯)
৩ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া।


