আইপিএল নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার, বাদ মোস্তাফিজ-সাকিব

আইপিএলের আগামী আসরের মিনি নিলামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তবে চমক হিসেবে তালিকায় নেই দেশের দুই অভিজ্ঞ তারকা মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।

গত আসরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে দল থেকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এবার প্রাথমিক তালিকাতেও জায়গা হয়নি এই বাঁহাতি পেসারের।

মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় রয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে মিনি নিলাম। সেখান থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটার দল পাওয়ার সুযোগ পাবেন, যার মধ্যে বিদেশি থাকবেন ২৫ জন।

তবে প্রাথমিক তালিকায় থাকা সবাই নিলামে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দের তালিকার ভিত্তিতে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে আইপিএল কর্তৃপক্ষ। আগামী ১ ডিসেম্বরের মধ্যে নিজেদের পছন্দের খেলোয়াড়দের নাম জমা দিতে হবে দলগুলোকে।

এবারের তালিকায় অন্যতম আলোচিত নাম ইংল্যান্ডের বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই অলরাউন্ডারের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। বিশেষ অনুমতি নিয়েই আসন্ন নিলামে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

spot_imgspot_img
spot_img

Related Articles