দুই বছর পর আবারও কোপা আমেরিকা আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০২৮ সালের গ্রীষ্মে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতাটির পরবর্তী আসর বসবে দেশটিতে। এ নিয়ে তৃতীয়বারের মতো কোপা আমেরিকার আয়োজক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০১৬ ও ২০২৪ সালে দেশটিতে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক এ তথ্য জানিয়েছে।
কোপা আমেরিকা আয়োজন নিয়ে আলোচনা
দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ২০২৫ সাল থেকেই উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে আসছে। চার বছর পরপর অনুষ্ঠিত হয় কোপা আমেরিকা। ১৯১৬ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা সাধারণত দক্ষিণ আমেরিকাতেই আয়োজন করা হয়। তবে ২০১৬ ও ২০২৪ সালে ব্যতিক্রম হিসেবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি।
কনমেবলের সদস্য দেশ ১০টি হলেও প্রতিযোগিতায় নিয়মিতই অন্য অঞ্চলের দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়। ২০২৪ সালের আসরে কনকাকাফ অঞ্চল থেকে ছয়টি দল অংশ নিয়েছিল। সেই তালিকায় ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় দলও।
২০২৮ সালের আসরে কনকাকাফ অঞ্চলের দলগুলোর জন্য বাছাইপর্ব আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রতিযোগিতায় অতিথি দল হিসেবে মোট কতটি দেশ অংশ নেবে, সেটিও চূড়ান্ত হয়নি।
২০২৮ সালের কোপা আমেরিকার নির্দিষ্ট শুরুর তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে ওই গ্রীষ্মেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। ১৪ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এর আগে ২০২৪ সালের কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত।
এখন পর্যন্ত পাঁচবার কোপা আমেরিকায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। দলটির সেরা সাফল্য ১৯৯৫ ও ২০১৬ সালে। দুইবারই চতুর্থ স্থান অর্জন করেছিল তারা। তবে ২০২৪ সালের আসরে তিন ম্যাচের মাত্র একটিতে জয় পেয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় স্বাগতিকদের।
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের বড় বড় আয়োজনের কেন্দ্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপ এবং ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে দেশটি। এ ছাড়া ২০৩১ সালের নারী বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র। সেই আসরে তাদের সঙ্গে আয়োজক হিসেবে থাকবে মেক্সিকো, জ্যামাইকা ও কোস্টারিকা।




