স্যান্ডপেপার কাণ্ড নিয়ে ফোরাম হবে ‘গোপনীয়’, আলোচনায় ২০১৭-১৮ অ্যাশেজও

স্যান্ডপেপার কাণ্ড নিয়ে স্বাধীন ফোরামের কার্যপরিধি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ফোরামের আলোচনায় ২০১৭-১৮ অ্যাশেজ সিরিজও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে অংশগ্রহণ ঐচ্ছিক থাকবে এবং ব্যক্তিগত বক্তব্য গোপন রাখা হবে। তবে ফোরামের প্রতিবেদন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডে জমা দেওয়ার পর আলোচনার মূল বিষয়গুলো প্রকাশ্যে তুলে ধরা হবে।স্যান্ডপেপার কাণ্ড নিয়ে ফোরাম হবে ‘গোপনীয়’, আলোচনায় ২০১৭-১৮ অ্যাশেজও থাকবে।

ছয় সপ্তাহ চলবে স্বাধীন ফোরাম; নেতৃত্বে থাকবেন স্বাধীন সিনিয়র কাউন্সেল ফিওনা ম্যাকলিওড এও এসসি। ব্যক্তিগত বক্তব্য গোপন রাখা হবে, তবে আলোচনার মূল বিষয়গুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হবে।

ফিওনা ম্যাকলিওড এও এসসি বামে

গত সপ্তাহে স্যান্ডপেপার কাণ্ড নিয়ে স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দেওয়ার পর শুক্রবার ফোরামের বিস্তারিত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফোরামটির নেতৃত্ব দেবেন সিনিয়র কাউন্সেল ফিওনা ম্যাকলিওড এও এসসি। বিচার, আপিল, রয়্যাল কমিশন, তদন্ত ও স্বাধীন পর্যালোচনায় তাঁর ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

ফোরামটি ছয় সপ্তাহ ধরে চলবে। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা অস্ট্রেলিয়ার সব খেলোয়াড়, কোচ ও স্টাফ এতে অংশ নিতে পারবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত শর্ত অনুযায়ী, ‘অংশগ্রহণ স্বেচ্ছামূলক’ এবং ‘কেউ অংশগ্রহণ করবেন কি করবেন না, সেই সিদ্ধান্তের কারণে তাঁর বিরুদ্ধে কোনো নেতিবাচক বা অন্য কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো হবে না।’

অস্ট্রেলিয়ার স্যান্ডপেপার কান্ডে ছয় সপ্তাহ চলবে স্বাধীন ফোরাম; নেতৃত্বে থাকবেন স্বাধীন সিনিয়র কাউন্সেল ফিওনা ম্যাকলিওড এও এসসি। ব্যক্তিগত বক্তব্য গোপন থাকবে।
স্যান্ডপেপার কান্ডের মূল আলোচনায় ছিলেন ব্যানক্রফট

অংশগ্রহণকারীরা লিখিত বক্তব্য দিতে পারবেন, সরাসরি বা অনলাইনে ম্যাকলিওডের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারবেন কিংবা পারস্পরিক সম্মতিতে অন্য কোনো পদ্ধতিতে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবেন। নিজেদের বক্তব্য ব্যাখ্যা করতে তাঁরা নথি বা অন্যান্য উপাদানও জমা দিতে পারবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফোরামে ম্যাকলিওডের কাছে দেওয়া ব্যক্তিগত বক্তব্য গোপন রাখা হবে। এসব বক্তব্য প্রকাশ্যে প্রকাশ করা হবে না এবং বোর্ডের কাছেও উপস্থাপন করা হবে না।

এর পরিবর্তে ফোরামে পাওয়া সব তথ্য ও বক্তব্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করবেন ম্যাকলিওড। প্রতিবেদনে অংশগ্রহণকারীদের সংখ্যা ও ধরন, তাঁদের বক্তব্যের মূল বিষয়গুলো এবং ভবিষ্যতে উন্নতির জন্য সুপারিশ থাকবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড প্রতিবেদনটি পাওয়ার ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সময়ে প্রতিবেদনটির বিষয়ে বোর্ডের পক্ষ থেকেও প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানো হবে। সে হিসেবে প্রতিবেদনটি ২০২৭ সালের জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুতে প্রকাশিত হতে পারে, যখন অস্ট্রেলিয়ার টেস্ট দল ভারত সফরে থাকবে।

ফোরামের আলোচনার পরিধি সীমিত রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এতে অন্তর্ভুক্ত থাকবে ২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়ার পুরুষ দলের বল ব্যবস্থাপনার পদ্ধতি, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের চারটি টেস্ট, ২৪ মার্চ ২০১৮-এর ঘটনা এবং ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের পদ্ধতি ও পরিধি।

অর্থাৎ, ২০১৭-১৮ অ্যাশেজের আগে কিংবা ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের পর বল ব্যবস্থাপনা নিয়ে কোনো আলোচনা হবে না।

২০১৭-১৮ অ্যাশেজে বলের সিম বা সেলাইয়ের অংশ পরিবর্তন করে বলের ক্ষয় দ্রুত করার চেষ্টা নিয়ে নিজেদের স্মৃতিচারণ করেছেন উসমান খাজা ও ক্যামেরন ব্যানক্রফট। তবে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যালিস্টার কুক, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেছেন, বিশেষ করে ডেভিড ওয়ার্নার অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেছিলেন কি না, তা নিয়ে।

ব্যানক্রফট ও স্মিথ

২০১৯ সালে নিজের আত্মজীবনীতে কুক লিখেছিলেন, ‘উদযাপনের সময় কয়েক গ্লাস বিয়ার পান করার পর ডেভিড ওয়ার্নার একবার আমাকে বলেছিলেন, একটি প্রথম শ্রেণির ম্যাচে বলের ক্ষয় দ্রুত করতে তিনি হাতের ব্যান্ডেজের সঙ্গে লাগানো কিছু উপাদান ব্যবহার করেছিলেন। আমি স্টিভ স্মিথের দিকে তাকিয়েছিলাম। সে এমনভাবে তাকিয়েছিল, যেন বলছে, “ওহ, এটা বলা উচিত হয়নি!”’

ক্রিকেট অস্ট্রেলিয়া আরও স্পষ্ট করেছে, ফোরামটি কেবল ‘তথ্য সংগ্রহ ও বক্তব্য শোনার প্রক্রিয়া’। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে নেতিবাচক সিদ্ধান্তে পৌঁছাবে না, কারও দায় নির্ধারণ করবে না, আগে আরোপিত শাস্তি পুনর্বিবেচনা করবে না কিংবা অতীতের জন্য নতুন শাস্তি বা আইনি পদক্ষেপের সুপারিশ করবে না।

অংশগ্রহণকারীদের বক্তব্যের বিষয়ে স্পষ্টীকরণ চাইতে পারবেন ম্যাকলিওড। তবে স্পষ্টীকরণ চাওয়ার সময় অন্য কেউ ফোরামে কী বলেছেন, তা প্রকাশ করতে পারবেন না তিনি। ম্যাকলিওড ২০১৮ সালের Culture and Governance Review of Australian Cricket, যা দ্য এথিকস সেন্টার পরিচালনা করেছিল, এবং তৎকালীন ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টিগ্রিটি কর্মকর্তা ইয়ান রয়ের পরিচালিত মূল কেপটাউন তদন্তের নথিও দেখতে পারবেন।

ফোরামটির কঠোর শর্ত ও কাঠামো কেন নির্ধারণ করা হয়েছে, তা ব্যাখ্যা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন।

বুন বলেন, ‘২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা খেলোয়াড় ও স্টাফদের সবার বক্তব্য শোনার সুযোগ তৈরি করতে এই স্বাধীন ফোরামের নেতৃত্ব দিতে সম্মত হওয়ায় আমরা ফিওনা ম্যাকলিওড এও এসসি-এর প্রতি কৃতজ্ঞ।’

‘এটি তাঁদের নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করার সুযোগ। একই সঙ্গে সেই সফরের ঘটনা এবং পরবর্তী তদন্ত সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডকে জানানো যাবে।’

‘আট বছর আগের সেই সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর যে মানসিক চাপ পড়েছে, তা আমরা গভীরভাবে উপলব্ধি করছি। তাঁদের সুস্থতা ও কল্যাণ আমাদের প্রধান অগ্রাধিকার।’

২০১৮ সালের সফরে থাকা কতজন খেলোয়াড় ও স্টাফ এই ফোরামে অংশ নেবেন, তা এখনও নিশ্চিত নয়। ফোরামের কার্যপরিধি বিস্তারিত প্রকাশের আগেই উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার এ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। খাজা সব বক্তব্য প্রকাশ্যে আনার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

ক্যামেরন ব্যানক্রফট অবশ্য ফোরামে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। এর আগে তিনি সফরের স্মৃতিচারণ করে ৪ হাজার শব্দের একটি নিবন্ধ প্রকাশ করেছিলেন। তবে চ্যাড সায়ার্স ফোরামে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

এসইএনকে সায়ার্স বলেন, ‘কী লাভ… যদি তারা কিছু বিষয় বাদ দিতে চায়? আমি এখনও নিশ্চিত নই, কী করব। আমি প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেছি, তাই বলার মতো আর খুব বেশি কিছু বাকি নেই।’

দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং সম্পর্কে দলের জানা থাকার বিষয়ে খাজার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করা অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য ফোরামে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।

এক বিবৃতিতে কামিন্স বলেন, ‘আমি এই ফোরামকে শতভাগ সমর্থন করি। আমি সেখানে থাকব। যেসব খেলোয়াড় ও স্টাফের সঙ্গে আমি কথা বলেছি, তাঁরা সবাই নিজেদের বক্তব্য তুলে ধরতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে, তবে সেটাই প্রয়োজন।’

‘মানুষের কথা বলার, নিজেদের বক্তব্য তুলে ধরার এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার শোনার জন্য এই ফোরামই সবচেয়ে ভালো সুযোগ।’

‘প্রতিবেদনটি সম্পূর্ণ প্রকাশ করা স্বচ্ছতার প্রতি আমাদের প্রতিশ্রুতির অংশ। আমরা কী শিখলাম, তা ক্রিকেটপ্রেমীদের জানাতে চাই।’

‘এটাও খুব গুরুত্বপূর্ণ যে, এই ফোরামের উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া কিংবা দোষারোপ করা নয়।’

spot_imgspot_img
spot_img

Related Articles