মৌসুমের বিভিন্ন সময়ে রেনে স্লেগার্সের আর্সেনাল ছাড়াটা অনিবার্য বলেই মনে হচ্ছিল। শুক্রবার দুপুরে তাঁর বিদায়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়। চলতি উইমেনস সুপার লিগ (WSL) মৌসুমে ইতিহাসের সবচেয়ে বাজে শুরু করেছে গানাররা। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠ স্থানে। লিগের শীর্ষে থাকা চেলসি তাদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে, আর তৃতীয় ও শেষ চ্যাম্পিয়ন্স লিগের স্থান দখলে রাখা লন্ডন সিটি লায়নেসেস এগিয়ে আট পয়েন্টে।
মাত্র ১৮ মাস আগেই রেনে স্লেগার্সের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল আর্সেনাল। ক্লাবের ইতিহাসে কিংবদন্তি হয়ে থাকবেন তিনি, তবুও এমন একজন কোচের সঙ্গে পথ আলাদা করা গানারদের জন্য জরুরি হয়ে পড়েছিল।
তবে আন্তর্জাতিক বিরতির প্রথম কয়েক দিন কোনো খবর না আসায় মনে হচ্ছিল, স্লেগার্স হয়তো দায়িত্বেই থাকছেন-যা একদিকে বিস্ময়কর, আবার অন্যদিকে খুব একটা অপ্রত্যাশিতও নয়।
কিন্তু রোববার ওয়েস্ট হ্যামের বিপক্ষে গোলশূন্য ড্র-ই শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙে। টানা তিন ম্যাচে জয়হীন গানাররা আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছিল এবং ওয়েস্ট হ্যামের বিপক্ষে উল্লেখযোগ্য আক্রমণ তৈরি করতে হিমশিম খেয়েছে। অথচ মাত্র দুই সপ্তাহ আগে এই ওয়েস্ট হ্যামকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি-যারা বর্তমান চ্যাম্পিয়ন এবং এই মৌসুমে আর্সেনালের সঙ্গে শিরোপার লড়াইয়ে থাকার প্রত্যাশিত দল ছিল।
এর কয়েক দিন আগেই, তুলনামূলক একতরফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে লিওঁর কাছে ২-০ গোলে হারের পর স্লেগার্সকে প্রশ্ন করা হয়েছিল, আন্তর্জাতিক বিরতিই কি কোচ পরিবর্তনের আদর্শ সময় নয়? কারণ, এই বিরতির ফলে ম্যাচের সূচিতে ১৯ দিনের ব্যবধান তৈরি হয়েছে। বরাবরের মতো শান্ত ও মনোযোগী ভঙ্গিতে থাকা ডাচ কোচ বিষয়টি এড়িয়ে যান এবং বরং ওয়েস্ট হ্যাম ম্যাচের দিকেই মনোযোগ দেন।
তবে শুক্রবার অবশেষে সেই খবরই আসে, যা অনেকেই প্রত্যাশা করছিলেন। পারস্পরিক সম্মতিতে আর্সেনালের কোচের পদ ছাড়েন স্লেগার্স। এমন এক মৌসুমে নিজেদের বাকি সম্ভাবনাগুলো বাঁচিয়ে রাখতে গানারদের জন্য এই পরিবর্তন যে একেবারেই জরুরি ছিল, তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল।


