ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার নাহিদ রানা। গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। জ্বর না কমায় গতকাল তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন এই পেসার।
অসুস্থতার খবর জানিয়ে আজ নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়েছেন নাহিদ। তাঁর পেজের অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
নাহিদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরটি এসেছে তাঁর মাঠে ফেরার প্রস্তুতির মধ্যেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা ছিল এই পেসারের। তবে পুরোপুরি ফিট না হওয়ায় টেস্ট সিরিজের পর ওয়ানডে দলেও জায়গা হয়নি তাঁর। নির্বাচকদের পরিকল্পনা ছিল, ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের মাঝপথে তাঁকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত করা।
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নাহিদ গত মাসে পুনর্বাসনের জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। সেখানে বোলিংও শুরু করেন তিনি। তখন কোনো ব্যথা অনুভব করেননি। নভেম্বর পর্যন্ত তাঁকে নির্দিষ্ট পরিমাণ বোলিংয়ের লক্ষ্য দেওয়া হয়েছিল। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় গত দুই দিন বোলিং করতে পারেননি। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ায় তাঁর মাঠে ফেরার সময় নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ১০ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে নাহিদকে কবে নাগাদ মাঠে দেখা যাবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।


