২০২৬ বিশ্বকাপ শেষে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন থিবো কোর্তোয়া। তবে বেলজিয়ামের হয়ে তার পথচলা চালিয়ে যাওয়া এখন শুধু ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করছে না। নতুন প্রধান কোচ মার্ক ফন বোমেলের পরিকল্পনার সঙ্গেও সেটির সামঞ্জস্য থাকতে হবে। তাই আপাতত আন্তর্জাতিক ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই অভিজ্ঞ গোলরক্ষক।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করে বেলজিয়াম। সেই ম্যাচের পর দায়িত্ব ছাড়েন প্রধান কোচ হুডি গাহসিয়া। এরপর বেশি সময় না নিয়েই নতুন কোচ হিসেবে নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক মার্ক ফন বোমেলকে নিয়োগ দেয় বেলজিয়ান ফুটবল ফেডারেশন। ২০২৮ ইউরো পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন ৪৯ বছর বয়সী এই কোচ।
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের সাবেক এই মিডফিল্ডার সর্বশেষ ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত রয়্যাল অ্যান্টওয়ার্পের কোচ ছিলেন। সেখানে তার সাফল্যের কারণেই জাতীয় দলের দায়িত্ব পাওয়া খুব একটা বিস্ময়কর নয় বলে মনে করছেন কোর্তোয়া।
একটি স্পন্সরশিপ অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক বলেন, ‘এটা খুব বড় কোনো চমক নয়। বেশ কিছুদিন ধরেই তার নাম শোনা যাচ্ছিল। অ্যান্টওয়ার্পে তিনি নিজেকে একজন শীর্ষমানের কোচ হিসেবে প্রমাণ করেছেন। অনেক ফুটবলারই তার সম্পর্কে ইতিবাচক কথা বলেছেন। আমিও তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’
এখন আলোচনার কেন্দ্রবিন্দু কোর্তোয়ার আন্তর্জাতিক ভবিষ্যৎ। ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক জানিয়েছেন, তিনি এখনই জাতীয় দলকে বিদায় বলতে চান না। তবে বিশ্বকাপের পর কিছুটা বিরতি নিতে চান এবং আসন্ন উয়েফা নেশন্স লিগে খেলার পরিকল্পনাও নেই।
কোর্তোয়ার ভাষায়, ‘আমি অবশ্যই জাতীয় দলের হয়ে খেলতে চাই। তবে সেটা অনেকটাই নতুন কোচের সঙ্গে আলোচনার ওপর নির্ভর করবে।’
ফলে বেলজিয়ামের জার্সিতে কোর্তোয়ার ভবিষ্যৎ নির্ধারণ হবে নতুন কোচ মার্ক ফন বোমেলের সঙ্গে বৈঠকের পরই। দুই পক্ষের পরিকল্পনা এক হলে আন্তর্জাতিক ফুটবলে আরও কিছুদিন দেখা যেতে পারে অভিজ্ঞ এই গোলরক্ষককে।


