২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল পরিচালনার গৌরব অর্জনের মাত্র এক সপ্তাহ পরই রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। ৪৬ বছর বয়সে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই ম্যাচ কর্মকর্তা।
স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ভিনচিচের অবসরের খবর নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার মধ্য দিয়েই তিনি নিজের পেশাদার ক্যারিয়ারের পর্দা নামিয়েছেন।
স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করেন ভিনচিচ। পুরো ম্যাচে তার আত্মবিশ্বাসী, নির্ভুল ও পেশাদার সিদ্ধান্ত প্রশংসা কুড়ায় ফুটবল মহলে।
বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস) তাকে ২০২৬ বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে নির্বাচিত করেছে।
দীর্ঘ ক্যারিয়ারে ইউরোপীয় ও আন্তর্জাতিক ফুটবলের অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। তার উল্লেখযোগ্য দায়িত্বগুলোর মধ্যে রয়েছে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল, ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, যেখানে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড এবং ২০২২ উয়েফা ইউরোপা লিগের ফাইনাল, যেখানে খেলেছিল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও রেঞ্জার্স।
এ ছাড়া ২০১০ সাল থেকে বিশ্বকাপ বাছাইপর্ব, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং উয়েফার বিভিন্ন শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় নিয়মিত দায়িত্ব পালন করেছেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ও নিরপেক্ষ পারফরম্যান্সের কারণে ভিনচিচকে আধুনিক ফুটবলের সবচেয়ে নির্ভরযোগ্য রেফারিদের একজন হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বকাপের ফাইনাল পরিচালনার পর অবসরের সিদ্ধান্ত তার বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ করেছে আরেকটি স্মরণীয় অধ্যায়।


