ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ছিল বোলারদের দখলে। দিনজুড়ে ১৪ উইকেটের পতনে ম্যাচে নাটকীয় মোড় আসে। ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস রেকর্ড গড়া স্পেলে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দিলেও দিনের শেষ হাসি হাসে সফরকারীরাই।
দিনের শুরুতে ৩ উইকেটে ১৯৯ রান নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। অপরাজিত ৮৮ রান থেকে ইনিংস শুরু করে শান মাসুদ ১৬৩ বলে ব্যক্তিগত সপ্তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। তবে একসময় ৩ উইকেটে ২৪৪ রান করা পাকিস্তান হঠাৎই ধসে পড়ে। মাত্র ৩৮ রানের ব্যবধানে শেষ সাত উইকেট হারিয়ে ২৮২ রানে অলআউট হয় তারা।
এই ধসের নায়ক ছিলেন জাস্টিন গ্রেভস। প্রথম দুই ওভারে ৯ রান দেওয়ার পর টানা পাঁচটি মেডেন ওভারে পাঁচ উইকেট শিকার করেন তিনি। বিস্তারিত পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর টেস্ট ক্রিকেটে টানা পাঁচ মেডেন ওভারে পাঁচ উইকেট নেওয়ার নজির এটিই প্রথম। গ্রেভস টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেটের স্বাদ পান। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৯ রানের লিড নেয়।
তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। মোহাম্মাদ আব্বাস দুর্দান্ত স্পেলে ৭ ওভারে ৭ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়ে শুরুতেই চাপে ফেলেন ক্যারিবিয়ানদের। পরে মোহাম্মাদ আলি, আমির জামাল ও খুররাম শাহজাদও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তেজনারাইন চান্দারপল ৩৫ রান করেন। দিনের শেষদিকে শামার জোসেফ ১৩ বলে তিন ছক্কায় অপরাজিত ২২ রান করে দলকে কিছুটা স্বস্তি দেন।
তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ১২৬ রান। তাদের সামগ্রিক লিড ১৫৫ রান, হাতে রয়েছে মাত্র তিন উইকেট। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ এখন অনেকটাই পাকিস্তানের দিকে ঝুঁকে রয়েছে।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩১১
পাকিস্তান ১ম ইনিংস: ৮০.১ ওভারে ২৮২/১০
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪৩ ওভারে ১২৬/৭
ওয়েস্ট ইন্ডিজ লিড ১৫৫


