বাংলাদেশের ক্রিকেটে পেসার হান্টের মাধ্যমে উঠে এসেছেন বেশ কয়েকজন জাতীয় দলের পেসার। রুবেল হোসেন, শফিউল ইসলাম ও এবাদত হোসেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান পেসার খুঁজে বের করার সেই উদ্যোগ কয়েক বছর বন্ধ থাকার পর আবারও শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার অবশ্য শুধু পেসার নয়, খোঁজা হবে স্পিনারও। সুযোগ থাকছে নারী বোলারদেরও।
মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন এই বোলার হান্টের উদ্বোধন হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে দেশের আট বিভাগে শুরু হবে প্রতিভা অন্বেষণের এই কার্যক্রম। ঢাকায় হবে দুটি ভেন্যুতে। পুরো আয়োজনের সঙ্গে থাকছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি।
দেশের ক্রিকেটে এবারই প্রথম পেসারদের পাশাপাশি স্পিনারদের নিয়েও দেশব্যাপী এমন প্রতিভা অন্বেষণ কার্যক্রম হচ্ছে। নারী বোলারদের জন্যও থাকছে অংশগ্রহণের সুযোগ। মাঠপর্যায়ে প্রতিভা খুঁজে বের করার দায়িত্বে থাকবেন জাতীয় দলের আশপাশে থাকা কোচরা।
বিসিবির এই কার্যক্রমে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলাম, কোরি কলিমোর ও মুশতাক আহমেদ। নারী বোলারদের বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচকেরাও মাঠে থাকবেন।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দ্রুতগতির পেসার কিংবা কার্যকর স্পিনার খুঁজে বের করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বাছাই করা বোলারদের পরবর্তী সময়ে আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরিচর্যার আওতায় আনবে বিসিবি। এর মাধ্যমে জাতীয় দল ও জাতীয় দলের পাইপলাইনের জন্য মানসম্মত বোলার তৈরি করতে চায় বোর্ড।
এর আগে গ্রামীণফোন ও রবির সহযোগিতায় দেশজুড়ে পেসার হান্ট আয়োজন করেছিল বিসিবি। সেই কার্যক্রম থেকেই উঠে এসেছেন বাংলাদেশের বেশ কয়েকজন পরিচিত পেসার। এবার সেই অভিজ্ঞতার সঙ্গে স্পিন ও নারী বোলারদের যুক্ত করে পরিসর আরও বাড়ানো হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘আমরা রিশাদ ও এবাদতের মতো প্রতিভা পেয়েছি। এ ছাড়া আরও অনেকে উঠে এসেছে। আশা করি এবারও বোলিং হান্টে দারুণ কাউকে পাব।’

