জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটছে সাকিব আল হাসানের। বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলার ধারাবাহিকতায় এবার এশিয়ান লিজেন্ডস লিগেও দেখা যাবে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, বাংলাদেশ টাইগার্সের অধিনায়কের দায়িত্বও পেয়েছেন তিনি।
সম্প্রতি মেজর লিগ ক্রিকেটে অংশ নেওয়ার পর বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন সাকিব। এর মধ্যেই এশিয়ান লিজেন্ডস লিগের জন্য বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব তার হাতে তুলে দেওয়া হয়েছে। দলে রয়েছেন জাতীয় দলের সাবেক ও অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারও। সহ-অধিনায়ক করা হয়েছে অলক কাপালিকে।
এবারের এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নেবে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স। ৩০ জুলাই শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে ১০ আগস্ট পর্যন্ত। প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে জাম্বিয়ায়।
টুর্নামেন্টটিতে বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান পরিচিত ক্রিকেটারদেরও দেখা যাবে। পাকিস্তানের হয়ে খেলবেন ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কার দলে আছেন কুমার সাঙ্গাকারা ও থিসারা পেরেরা। ভারতের হয়ে মাঠে নামবেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক ও হরভজন সিং। আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবেন হজরতউল্লাহ জাজাই ও আসগর আফগান।
বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।


