কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার যৌথভাবে এই তথ্য নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী সল্ট লেক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে সেলেসাওরা। ম্যাচের সময়সূচি পরে জানানো হবে।
ভারতীয় ফুটবলের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

১৯৯২ সালে ফিফা র‌্যাঙ্কিং চালু হওয়ার পর এত উচ্চ র‌্যাঙ্কিংধারী কোনো দলের বিপক্ষে এখনও মাঠে নামেনি ভারত। এর আগে ২০১১ সালে একই স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনা খেললেও তাদের প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। এবার প্রথমবারের মতো ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, অস্ট্রেলিয়া সফর শেষ করেই ভারতে যাবে দলটি। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর কলকাতায় এসে ভারতের বিপক্ষে মাঠে নামবে।

এক বিবৃতিতে সিবিএফ জানায়, ভারতের মতো ফুটবলপ্রেমী দেশে খেলতে পারা তাদের জন্য বিশেষ আনন্দের। ব্রাজিলের বাইরে সবচেয়ে বড় সমর্থকগোষ্ঠীগুলোর একটি রয়েছে ভারতে। বহু প্রজন্ম ধরে ভারতীয় ফুটবলপ্রেমীরা ব্রাজিলিয়ান ফুটবলকে ভালোবেসে এসেছে, তাই সেই সমর্থকদের সামনে খেলতে মুখিয়ে রয়েছে দলটি।

এই ম্যাচে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মাতিয়াস কুনহা, মারকিনিওস ও ব্রুনো গিমারায়েসের মতো তারকাদের দেখা যেতে পারে। তবে এটি যেহেতু প্রীতি ম্যাচ, তাই সব তারকা মাঠে নামবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তির বিপক্ষে মাঠে নামার সুযোগ ভারতীয় ফুটবলের জন্য যেমন বড় প্রাপ্তি, তেমনি কলকাতার দর্শকদের জন্যও হতে যাচ্ছে বিরল এক ফুটবল উৎসব।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles