রাজশাহী স্টার্সে যোগ দিতে ঢাকায় নেপালের ডিফেন্ডার বিমলা বিকি

বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এফসির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ঐতিহাসিক অভিযানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন নেপালের ডিফেন্ডার বিমলা বিকি। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীতে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমলাকে স্বাগত জানান রাজশাহী স্টার্সের টিম ম্যানেজার ও সহকারী কোচ। এটি ক্লাবটির হয়ে বিমলার দ্বিতীয় মেয়াদ। এর আগে রাজশাহী স্টার্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে নেপালের এই ডিফেন্ডারের।

বাংলাদেশ ও রাজশাহীর জন্য এবারই প্রথম এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ার সুযোগ এসেছে। ফলে এশিয়ার অন্যতম বড় নারী ক্লাব ফুটবল প্রতিযোগিতার মঞ্চে খেলতে পারাকে বিশেষ সম্মানের বলে মনে করছেন বিমলা।

ঢাকায় পৌঁছে তিনি বলেন, রাজশাহীর হয়ে দ্বিতীয়বার খেলতে পেরে তিনি আনন্দিত। তবে এবার এএফসি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় তাঁর উচ্ছ্বাস আরও বেশি। রাজশাহী ও বাংলাদেশের জন্য প্রথমবারের মতো এত বড় মঞ্চে খেলার সুযোগ পাওয়াকে তিনি গর্বের বিষয় হিসেবেও উল্লেখ করেন।

চ্যাম্পিয়নস লিগের জন্য প্রস্তুতির সময় কম হওয়ায় চ্যালেঞ্জটা কঠিন হবে, এটিও স্বীকার করেছেন বিমলা। একই সঙ্গে প্রতিপক্ষের শক্তিকে সম্মান করলেও নিজেদের দুর্বল ভাবতে নারাজ তিনি।

নেপালের এই ডিফেন্ডারের লক্ষ্য, প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়া এবং জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এরপর পরবর্তী রাউন্ডে জায়গা করে নিতে চান তারা।

বিমলা বলেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে তার মানে এই নয় যে রাজশাহী স্টার্স দুর্বল দল। প্রতিটি ম্যাচ জিতে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে যেতে চান তারা। এ জন্য সমর্থকদের সহযোগিতাও চেয়েছেন তিনি।

বাংলাদেশ নারী ফুটবল লিগের শিরোপা জয়ের পর এবার রাজশাহী স্টার্সের সামনে আরও বড় চ্যালেঞ্জ। দেশের নারী ক্লাব ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের মঞ্চে নামবে তারা। আর সেই অভিযানে নেপালের অভিজ্ঞ ডিফেন্ডার বিমলা বিকির যোগদান দলটির রক্ষণভাগে বাড়তি শক্তি যোগ করবে বলে আশা করা হচ্ছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles