বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের মেন্টর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে কাজ করে দারুণ উপভোগ করছেন সাব্বির রহমান। দীর্ঘদিনের সতীর্থ রিয়াদের কাছ থেকে পাওয়া পরামর্শ ও নির্দেশনা কাজে দিচ্ছে বলেও জানিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
বর্তমানে অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ এইচপি দল। দলের সঙ্গে মেন্টর হিসেবে আছেন মাহমুদউল্লাহ। একই দলে সুযোগ পেয়েছেন সাব্বির রহমানও। সর্বশেষ মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেলেও নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি। এবার অস্ট্রেলিয়ার মাটিতে বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন সাব্বির।
দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ডারউইনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাব্বির বলেন, ‘রিয়াদ ভাইয়ের সঙ্গে কাজ এক কথায় ফ্যান্টাস্টিক। যেভাবে আমাদের মনিটর করছেন, পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছেন-মনে হচ্ছে আমার কলিগই আমাকে বুঝাচ্ছেন। অনেক দিন খেলেছি উনার সঙ্গে। সাত-আট বছর খেলেছি। তাই খুব ফ্রিলি কথা বলতে পারছি। ফ্যান্টাস্টিক ওয়ার্ক।’
টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপি দলের সহকারী কোচের দায়িত্বে আছেন সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। দেশি কোচদের আরও বেশি সুযোগ দেওয়ার বিসিবির উদ্যোগকেও ইতিবাচকভাবে দেখছেন সাব্বির।
তিনি বলেন, ‘অবশ্যই এটা বড় অর্জন হবে। দেশি কোচরা প্লেয়ারদের চেনেন। যারা আসছেন, সবাই ১০-১২-১৫ বছর জাতীয় দলে খেলেছেন। এটা খুব ভালো উদ্যোগ। তামিম ভাই (বিসিবি সভাপতি) খুব ভালোভাবে এটা নিচ্ছেন। প্লেয়ারদের জন্য ভালো ব্যাপার।’
আগামী ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টপ এন্ড সিরিজে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ এইচপি দল।


