২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। তবে ঘোষিত তালিকায় নেই বিদেশি লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, ফাহমিদুল ইসলাম ও তারিক কাজী। বাফুফে জানিয়েছে, পরবর্তী সময়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তারা।
নতুন কোচ হিসেবে ডুলির দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। গত জুনে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দল থেকে এবার বাদ পড়েছেন মিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম। ফিফার নিষেধাজ্ঞার কারণে মিরাজুলকে পাওয়া যাচ্ছে না। শাস্তির কারণে দলে নেই আল আমিনও।
অন্যদিকে, গত মৌসুমে মোহামেডানের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা সৌরভ দেওয়ান এবার জায়গা পেয়েছেন জাতীয় দলে। সান মারিনোর বিপক্ষে দলে না থাকায় যাকে নিয়ে আলোচনা হয়েছিল, সেই সৌরভকেই এবার সুযোগ দিয়েছেন ডুলি।
আসন্ন ক্যাম্প নিয়ে অবশ্য কিছুটা অনিশ্চয়তাও রয়েছে। শুরুতে বিকেএসপিতে ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও আবাসন সংকটের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। ঢাকার একটি হোটেলে রেখে জাতীয় দলের অনুশীলন চালানোর পরিকল্পনা করা হয়েছে।
এদিকে, এখনো সব ক্লাব অনুশীলন শুরু না করায় খেলোয়াড় ছাড়ার বিষয়টিও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ফিফা উইন্ডোর তিন দিন আগে খেলোয়াড় ছাড়তে ক্লাবগুলো বাধ্য নয়। ফলে মৌসুম শুরুর আগেই ক্লাবের অনুশীলন ছেড়ে জাতীয় দলে যোগ দেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকছেই।
আসিয়ান কাপের প্রাথমিক দল:
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, হৃদয়, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মনজুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, মো. ইব্রাহীম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুলসহ আরও দুই ফুটবলার।


