সেমিফাইনালেই থামল বাংলাদেশ এইচপি

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবারও ফাইনালে ওঠা হলো না বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের। ব্যাটিং ব্যর্থতায় প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে ১ উইকেটে হেরে বিদায় নিয়েছে ইরফান শুক্কুরের দল।

ডারউইনের গার্ডেন ওভালে রোববার টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি। শুরুটা অবশ্য আশাব্যঞ্জক ছিল না। ২.৪ ওভারে ২৬ রান তুলতেই ৩ রান করে ফিরে যান ওপেনার হাবিবুর রহমান সোহান। এরপর জিসান আলম ও আরিফুল ইসলাম ইনিংস সামলানোর চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

জিসান সর্বোচ্চ ৩০ এবং আরিফুল ১৯ রান করেন। এ ছাড়া আবদুল গাফফার সাকলাইন ১৬ বলে ১০ ও আবু হায়দার রনি ১৮ বলে ১২ রান করেন। তবে দলের গুরুত্বপূর্ণ ব্যাটারদের ব্যর্থতায় ১৭.১ ওভারেই মাত্র ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি।

অধিনায়ক ইরফান শুক্কুরও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন। টুর্নামেন্টে ছয় ম্যাচের চারটিতেই এক অঙ্কের ঘরে আউট হওয়া এই উইকেটরক্ষক ব্যাটার সেমিফাইনালেও রানের খাতা খোলার আগেই ফিরেছেন। সাব্বির রহমান ও শামিম পাটোয়ারিও বড় ইনিংস খেলতে পারেননি।

বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেওয়ার পথে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির উইল সাদারল্যান্ড ৪ উইকেট নেন। আরও তিন বোলার পেয়েছেন ২টি করে উইকেট।

১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভিক্টোরিয়া। মাত্র ১ রানেই প্রথম উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও ছোট ছোট ইনিংসে লক্ষ্যের দিকে এগিয়ে যায় স্বাগতিক দলটি।

একপর্যায়ে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলের ঘূর্ণিতে চাপে পড়ে ভিক্টোরিয়া। শেষ দিকে জয়ের জন্য লড়াই জমে উঠলেও অল্পের জন্য ম্যাচ বের করে নিতে পারেনি বাংলাদেশ।

শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ক্যাম্পবেল ক্যালাওয়ে।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ রুবেল ৩টি এবং শামিম পাটোয়ারি ২টি উইকেট নেন। তবে ব্যাটারদের ব্যর্থতায় তাঁদের লড়াই শেষ পর্যন্ত দলকে ফাইনালে নিতে পারেনি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles