ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার রোহিত যাদবকে বয়সসংক্রান্ত জালিয়াতির দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই অভিযোগে আরও ৬৪ জন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল, সিএবি। নিষেধাজ্ঞার তালিকায় আছেন ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রবি কুমারও।
লেগস্পিনার রোহিত যাদব চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন। তবে সিএবির প্রাক-মৌসুম নথিপত্র যাচাই কার্যক্রমে তাঁর বয়স নিয়ে অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে এবং বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত সব রাজ্য ক্রিকেট সংস্থাকেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
সিএবির তথ্য অনুযায়ী, রোহিতের বয়সের নথিতে প্রায় ২৭ মাসের অসঙ্গতি পাওয়া গেছে। এর ফলে চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারতের নির্ধারিত পাঁচটি ওয়ানডে ও দুটি মাল্টি-ডে ম্যাচের দল থেকেও তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে।
রোহিত বয়সভিত্তিক ক্রিকেটে বাংলার প্রতিনিধিত্ব করেছেন। তবে তাঁর বিরুদ্ধে নেওয়া এই শাস্তি শুধু তাঁকেই ঘিরে নয়। একই ধরনের বয়সসংক্রান্ত অসঙ্গতির অভিযোগে আরও ৬৪ ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে সিএবি।
এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম রবি কুমার। বাঁহাতি পেসার রবি কুমার ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া।
একই বছর বাংলার সিনিয়র দলে অভিষেক হয়েছিল রবি কুমারের। তবে ২০২৩ সালের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি তিনি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, রবি কুমারের বয়সসংক্রান্ত অসঙ্গতি ৪০ মাসেরও বেশি।
এই ঘটনায় তাঁর বয়সভিত্তিক ক্রিকেটের অভিষেক থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত সব রেকর্ড অবৈধ হিসেবে গণ্য করা হবে।
ভারতীয় ক্রিকেটে বয়স জালিয়াতি ঠেকাতে অতীতেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। ২০২০ সালে বয়সসংক্রান্ত তথ্যের অসঙ্গতি স্বেচ্ছায় জানানোর সুযোগ দিয়ে একটি অ্যামনেস্টি স্কিম চালু করার প্রস্তাব দিয়েছিল বোর্ড। প্রকৃত জন্মতারিখ জানালে শাস্তি এড়ানোর সুযোগ থাকলেও পরে বয়সসংক্রান্ত নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে কঠোর নিষেধাজ্ঞার ব্যবস্থা রাখা হয়েছিল।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বয়স যাচাইয়ের অংশ হিসেবে ক্রিকেটারদের জন্মনিবন্ধন সনদের পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষাগত নথিও জমা দিতে হয়। এসব নথিপত্র যাচাইয়ের মাধ্যমেই বয়সসংক্রান্ত অসঙ্গতি শনাক্ত করা হয়।
রোহিত যাদবসহ ৬৫ ক্রিকেটারের বিরুদ্ধে সিএবির এই কঠোর ব্যবস্থা ভারতীয় বয়সভিত্তিক ক্রিকেটে বয়স জালিয়াতির বিরুদ্ধে নতুন করে কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।


