বিশ্বকাপ শেষ মানেই পরিবর্তনের হাওয়া। বিশ্বকাপ শেষ মানেই অবসর ঘোষণার বন্যা। বিশেষ করে ব্যর্থ দলের জন্য। বেশির ভাগ ব্যর্থ দলগুলো তাদের কোচ পরিবর্তন করে। আর একটু বয়সী খেলোয়াড়রা দেন অবসরের ঘোষণা। বিশ্বকাপে ব্যর্থ পর্তুগাল দল এর ব্যতিক্রম নয়। এরই মধ্যে কোচ বদলের কাজটা তারা সেরে ফেলেছে। নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হোর্হে জেসুস। ৭১ বছর বয়সী এই পর্তুগীজের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছে দেশটির ফুটবল ফেডারেশন।
একবারের বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। এর পরই ২০২৩ সাল থেকে দায়িত্বে থাকা কোচ রবার্তো মার্টিনেজ পদ ছাড়ার ঘোষণা দেন।
২০৩০ সালে বিশ্বকাপের অন্যতম আয়োজক পর্তুগাল। এখন থেকে আটঘাট বেধে মাঠে নামছে তারা।
আল নাসরের কোচ
জেসুস সর্বশেষ সৌদি আরবের আল নাসরের কোচ ছিলেন। এ ক্লাবের অন্যতম খেলোয়াড় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলটি সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়। এর মাঝ দিয়ে সৌদি প্রো লিগে শিরোপা খরা ঘোঁচান রোনালদো। বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর রোনালদো জানিয়েছেন, এটাই ছিল তার শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবলে খেলা অব্যাহত রাখবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত জানাননি। ক্লাব ফুটবল হয়তো খেলে যাবেন। কেননা আল নাসরের সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ পর্যন্ত।

সংবাদ সম্মেলনে জেসুস
জেসুস দায়িত্ব নিয়ে শুক্রবার প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। স্বাভাবিকভাবেই রোনালদোর ভবিষ্যত নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। জেসুস স্পষ্টভাবে জানিয়েছেন, যতদিন জাতীয় দলে খেলার মতো অবস্থায় থাকবে, ততদিন আমি তাকে দলে নেব। তবে অবশ্যই কিছু সীমার মধ্যে এবং জাতীয় দলের জন্য যেটা আমি সবচেয়ে ভালো মনে করবো সেটাই করবো।
জেসুস আরও বলেন, রোনালদোর সঙ্গে এখনো আমার কথা হয়নি। সে কখনোই জাতীয় দলের জন্য সমস্যা হবে না। জাতীয় দলের জন্য নয়, আমার জন্যও নয়। রোনালদোর সঙ্গে আল নাসরে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত এক বছর তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা ছিল দারুণ। তার সঙ্গে কাজ করা খুবই সহজ।
জেসুসের অধীনে আগামী ২৪ সেপ্টেম্বর পর্তুগালের প্রথম ম্যাচ। উয়েফা নেশনস লিগের গ্রুপ ‘ডি’র খেলায় উদ্বোধনী ম্যাচে ওয়েলসের মুখোমুখি হবে তারা। চার বছর পর বিশ্বকাপের আয়োজন করবে তারা। স্পেন ও মরক্কো থাকবে যৌথ আয়োজক হিসেবে।


