রিজওয়ানকে মাঠে ফেরার অনুমতি দিল পিসিবি

অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত তদন্তের কারণে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটে অনিশ্চয়তার মধ্যে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। অবশেষে সেই বাধা কাটিয়ে মাঠে ফেরার অনুমতি পেয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে তাঁর বিরুদ্ধে চলমান তদন্তের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের খবর পাওয়া যায়নি।

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর শেষ রাউন্ডে খেলতে পারবেন রিজওয়ান। সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) হয়ে শুধু মাঠেই ফিরছেন না, দলটির অধিনায়কের দায়িত্বও পালন করবেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এ খবর জানিয়েছে।

রিজওয়ানের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন এসএনজিপিএলের ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘরোয়া ক্রিকেট বিভাগের পরিচালকের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ তৈরি হয়েছে তাঁর। তবে এই অনুমতি পাওয়ার অর্থ তাঁর বিরুদ্ধে চলমান তদন্তের নিষ্পত্তি হয়ে যাওয়া নয়।

গত মাসের মাঝামাঝিতে শেষ হওয়া ইংল্যান্ড সফর থেকে রিজওয়ানের বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। এই তদন্তের কারণে আট দলের প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্রেসিডেন্টস ট্রফিতে তাঁর অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট দল থেকে মাঝপথে বাদ পড়ার পর এসএনজিপিএলে যোগ দেন রিজওয়ান। অধিনায়ক শান মাসুদ না থাকায় দলটির নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁরই। দলের অনুশীলন ও সভাতেও অংশ নিয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। কিন্তু পরে পিসিবি কর্তৃপক্ষ এসএনজিপিএলকে জানিয়ে দেয়, তদন্ত চলমান থাকায় রিজওয়ানকে খেলানো যাবে না।

রিজওয়ানের এনওসি নিয়ে অনিশ্চয়তা

চলতি সপ্তাহের শুরুতে রিজওয়ান ও পিসিবির মধ্যে আবার যোগাযোগ শুরু হয়। তবে তখন প্রেসিডেন্টস ট্রফিতে খেলার অনুমতি চেয়ে নয়, নেপাল প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন তিনি। জিও সুপারের তথ্য অনুযায়ী, নেপাল প্রিমিয়ার লিগের একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর চুক্তিও চূড়ান্ত হয়েছে। এদিকে এসএনজিপিএল কর্তৃপক্ষও রিজওয়ানের সঙ্গে যোগাযোগ করে তাঁকে প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে খেলার অনুরোধ জানায়। সেই অনুরোধের পর ঘরোয়া ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেয়েছেন তিনি। তবে নেপাল প্রিমিয়ার লিগে খেলার জন্য প্রয়োজনীয় এনওসি এখনো পাননি।

ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্টস ট্রফি শেষ হওয়ার পর নেপাল প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দিতে পারে পিসিবি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা চলাকালে বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়ার ক্ষেত্রে সাধারণত সতর্ক অবস্থানে থাকে বোর্ডটি। তাই নেপাল প্রিমিয়ার লিগে রিজওয়ানের খেলা এখনো নিশ্চিত নয়।

ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পেলেও রিজওয়ানের সামনে এখনো দুটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। নেপাল প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার ছাড়পত্র পাওয়া এবং তাঁর বিরুদ্ধে চলমান তদন্তের পরিণতি-এই দুই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে তাঁকে।

spot_imgspot_img
spot_img

Related Articles