বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফি-২০২৬
বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফি হ্যান্ডবল প্রতিযোগিতায় শক্তিশালী ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। সোমবার ঢাকার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ভারত ৪৭-১৩ গোলে বাংলাদেশকে পরাজিত করেছে। প্রথমার্ধেই ২৪-৮ গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিক দল। ভারতের বিপক্ষে লিগের এই ম্যাচটা ছিল ফাইনালে ওঠার লড়াইয়ে কোন দল এগিয়ে তার আগাম লড়াইয়ের বার্তা।

নেপালের বিপক্ষে ৩৩-২০ গোলের দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে সেই ছন্দ আর ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধেও সমান তালে গোল করে যায় ভারতের মেয়েরা। কোনোভাবেই তাদের সঙ্গে পেরে উঠছিল না বাংলাদেশের মেয়েরা। এই সময় শুধু তারা হারের কিছুটা ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ভারতের কাছে ৪৭-১৩ গোলের বড় ব্যবধানে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের নারী হ্যান্ডবল দলের।
অন্যদিকে, টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো ভারতের সঙ্গে শারীরিক সক্ষমতা, প্রস্তুতি ও হ্যান্ডবল দক্ষতার পার্থক্যের কথা তুলে ধরেছেন। তাঁর মতে, ভবিষ্যতে আরও ভালো করতে হলে দলকে ধারাবাহিকভাবে উন্নতির পথে এগোতে হবে।

এদিকে, মালদ্বীপ ও নেপালের ম্যাচও প্রতিযোগিতার সমীকরণে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মালদ্বীপের বিপক্ষে জয় তুলে নেওয়া। মঙ্গলবার মালদ্বীপকে হারাতে পারলে ফাইনালে ওঠার সুযোগ নিশ্চিত হবে বাংলাদেশের। ফলে ভারতের কাছে বড় হারের হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশকে। আজ দিনের প্রথম ম্যাচে নেপাল-মালদ্বীপকে ২৪-১৮ গোলে হারিয়েছে। প্রথমার্ধে নেপাল ১২-১১ গোলে এগিয়ে ছিল।

তবে মালদ্বীপকে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল বলা হচ্ছে। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪০-৮ গোলের বড় হারের পর নেপালের কাছেও হার হল দ্বীপ দেশটির। আগামীকাল বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে ফেভারিট অবশ্যই তাই ধরে নেওয়া যায় বাংলাদেশ জিতবে আবার ভারত নেপালের বিপক্ষেও ফেভারিট। বড় কোন অঘটন না ঘটলে আগামীকাল বাংলাদেশ মালদ্বীপকে এবং ভারত নেপালকে হারাবে হয়তো তাহলেই ফাইনালে দেখা হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে।
মঙ্গলবার দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেপাল। আর বিকেল ৪.৩০ মিনিটে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। দুটি খেলারই বাংলা ধারাভাষ্য সরসরি মাঠ থেকে সম্প্রচার করবে বাংলাদেশ বেতার এফএম ১০৪ মেগাহার্যে এবং বেতারের ওয়েবসাইট ও বেতার মোবাইল অ্যাপে। খেলার ধারভাষ্যে থাকবেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জাতীয় ধারাভাষ্যকার সামসুল ইসলাম, জামিলুর রহমান এবং কামরুজ্জামান।




