অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে নজর কাড়ার স্বীকৃতি পেলেন বাংলাদেশের দুই ব্যাটার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। আইসিসির সর্বশেষ প্রকাশিত নারী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন স্বর্ণা। অন্যদিকে, পাঁচ ধাপ উন্নতি হয়েছে শারমিনের।
মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিংয়ে ৫৬১ রেটিং পয়েন্ট নিয়ে ২৫তম স্থানে রয়েছেন শারমিন। ৩২৫ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোয়েনা জোসেফের সঙ্গে যৌথভাবে ৮৬ নম্বরে উঠে এসেছেন স্বর্ণা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বর্ণা ৭১ বলে ৫৪ রানের ঝলমলে ইনিংস খেলেন। শারমিনের ব্যাট থেকে আসে ৯৩ বলে ৫০ রান। দুজনের এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও।
ওয়ানডে ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরও অগ্রগতি হয়েছে। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন এলিসা পেরি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও ১৪ ধাপ উন্নতি করে ২৫তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। সিরিজের শেষ ম্যাচে অপরাজিত অর্ধশতক করা অ্যানাবেল সাদারল্যান্ড ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে ১৩তম হয়েছেন।
এদিকে, নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতের ক্রিকেটারদের। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচে তিনটি করে উইকেট নেওয়া ভারতীয় বোলার নন্দনী শর্মা ২৬ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে উঠেছেন। ক্রান্তি গৌড়ের উন্নতি হয়েছে নয় ধাপ, তিনি রয়েছেন ৪৩ নম্বরে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই অবস্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চরণী ও দীপ্তি শর্মা। তালিকায় তাঁদের অবস্থান যথাক্রমে প্রথম ও দ্বিতীয়।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পরও র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। নিউজিল্যান্ডের জেস কের পাঁচ ধাপ উন্নতি করে ১৭তম স্থানে পৌঁছেছেন। এ ছাড়া ব্রি ইলিং ছয় ধাপ এগিয়ে ২৩তম এবং নেনসি প্যাটেল পাঁচ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে রয়েছেন।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ম্যাডি গ্রিন ও জর্জিয়া প্লিমারের। তিন ধাপ এগিয়ে ৩৪তম স্থানে উঠেছেন গ্রিন। অন্যদিকে, ১৩ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে রয়েছেন প্লিমার। তবে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।




