ম্যাচ জিতেও জরিমানা পাকিস্তানের-শাস্তি পেল শ্রীলঙ্কাও

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা করেছে পাকিস্তান। তবে জয় পেলেও স্লো ওভার-রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে দলটিকে। একই অপরাধে শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কাও। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ এবং শ্রীলঙ্কার খেলোয়াড়দের ৫ শতাংশ জরিমানা করেছে।

রোববার রাওয়ালপিন্ডিতে সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারায় পাকিস্তান। তবে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি কোনো দলই। পাকিস্তান দুই ওভার এবং শ্রীলঙ্কা এক ওভার পিছিয়ে ছিল। এ কারণে দুই দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন ম্যাচ রেফারি জেফ ক্রো। নির্ধারিত সময়ের জন্য প্রযোজ্য ছাড় হিসাব করার পরও তাদের অপরাধ প্রমাণিত হয়।

ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার আসিফ ইয়াকুব ও ওয়েইন নাইটস, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি দুই দলের বিরুদ্ধে অভিযোগ আনেন।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। সেই নিয়ম অনুসারেই পাকিস্তান ও শ্রীলঙ্কার খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে। পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস নিজেদের দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচে প্রথমে ব্যাট করে সালমান আলী আগার সেঞ্চুরিতে পাকিস্তান ৩০৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় শ্রীলঙ্কার সামনে। জবাবে ৪৮.১ ওভারে ২৬৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। এতে ৩৭ রানের জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের যাত্রা শুরু করে পাকিস্তান।

spot_imgspot_img
spot_img

Related Articles