ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন এগিয়েছেন শরিফুলও

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সুখবর পেয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন দুজনই। ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে তানজিদ হাসানেরও।

বুধবার পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে ওয়ানডে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন তাসকিন। জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারা ম্যাচে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই ডানহাতি পেসার।

অন্যদিকে, দুই উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ৪৭ রান দিয়ে ২ উইকেট নেওয়া এই পেসার দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১ নম্বরে। তাসকিনের রেটিং পয়েন্ট ৫৮৬, শরিফুলের ৫৮৭। অর্থাৎ রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র এক। দুজনেরই এটি ক্যারিয়ার সেরা অর্জন।

ওয়ানডে বোলারদের সেরা দশে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। তাঁর অবস্থান নবম। এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন আরও কয়েকজন বোলার। ১২ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন আফগানিস্তানের ফজলহক ফারুকি। জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্স এগিয়েছেন ১৯ ধাপ, তাঁর অবস্থান এখন ৬৫তম। আর ইংল্যান্ডের বিপক্ষে ৪০ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করা পাকিস্তানের বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস ৩৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮৩ নম্বরে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের তানজিদ হাসানের। ওয়ানডেতে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শুবমান গিল। জিম্বাবুয়ের বিপক্ষে ৪৬ রান করে তিন ধাপ এগিয়েছেন তানজিদ। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে ২১ নম্বরে আছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে এক ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছেন পাকিস্তানের সালমান আলী আগা। জিম্বাবুয়ের বিপক্ষে শতক করা আফগানিস্তানের সেদিকউল্লাহ আতাল ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২০ নম্বরে।

ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

spot_imgspot_img
spot_img

Related Articles