বিসিবি একাদশে অনিক দেববর্মা

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পরপরই বড় মঞ্চে খেলার সুযোগ পেলেন তরুণ পেসার অনিক দেববর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত বিসিবি একাদশে জায়গা পেয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে উঠে আসা ১৮ বছর বয়সী এই ক্রিকেটার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বসুন্ধরার আনভির ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। জাতীয় ক্রিকেট লিগের ব্যস্ত সূচির কারণে মূলত উদীয়মান ক্রিকেটারদের নিয়ে ১৪ সদস্যের দল সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় লিগের বিভিন্ন দল থেকে ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে এই স্কোয়াড।

চলতি জাতীয় ক্রিকেট লিগে সিলেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় অনিকের। জাতীয় দলের পেসারদের অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পান তিনি। যদিও ৩৭ ওভার বোলিং করে উইকেট পেয়েছেন মাত্র দুটি, তবে তাঁর উচ্চতা ও শারীরিক গড়ন নজর কেড়েছে কোচদের। ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতার এই পেসারের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার কালিগুচিয়া গ্রামে।

২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়ার মধ্য দিয়ে দেশের ক্রিকেটে পরিচিতি পান অনিক। তবে এখনো যুব দলের হয়ে অভিষেক হয়নি তাঁর। চলতি ওমান সফরের অনূর্ধ্ব-১৯ দলেও জায়গা পাননি এই পেসার।

বিসিবি একাদশে অনিকের সঙ্গে জাতীয় লিগে খেলা আরও ১১ ক্রিকেটার রয়েছেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের সান ও হোসেন। দলে অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে জাকের আলি, যিনি বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা শামীম হোসেনও রয়েছেন স্কোয়াডে।

এ ছাড়া আছেন জাতীয় লিগে ব্যাট হাতে ভালো করা মাহফিজুল ইসলাম, কালাম সিদ্দিকি ও ইফতেখার হোসেন। ক্যারিবীয় বোলারদের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবেন তাঁরা।

দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হবে শুক্রবার। পরদিনই জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ড শুরু হওয়ায় ক্রিকেটারদের দ্রুত নিজ নিজ দলে ফিরতে হবে।

বিসিবি একাদশ: মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকি, ইফতেখার হোসেন, জাকের আলি, এসএম মেহেরব হাসান, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আব্দুল হালিম, অনিক দেববর্মা, ফাহাদ হোসেন, হোসেন ও সান।

spot_imgspot_img
spot_img

Related Articles