উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। বুধবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হ্যারি কেইনের পেনাল্টি গোলে এগিয়ে গিয়েও জয় নিশ্চিত করতে পারেনি জার্মান ক্লাবটি। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে ডেকলান রাইসের দুর্দান্ত শটে সমতায় ফেরে মিকেল আরতেতার দল।
এই ড্রয়ে চলতি চ্যাম্পিয়ন্স লিগে অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রেখেছে আর্সেনাল। তবে প্রতিযোগিতার লিগ পর্বে টানা ১৪ ম্যাচ জয়ের রেকর্ডযাত্রার ইতি ঘটেছে ইংলিশ ক্লাবটির। একই সঙ্গে দূর্ভাগ্য এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি দলটির।
ম্যাচের শুরুতে আক্রমণে আধিপত্য দেখায় আর্সেনাল। তবে দশম মিনিটেই বড় ধাক্কা খায় দলটি। চোটের কারণে মাঠ ছাড়তে হয় বুকায়ো সাকাকে। তাঁর বদলি হিসেবে নামেন এবেয়ারেচি এজে। তারপরও ২৫ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের দারুণ পাস পেয়ে বায়ার্নের বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করেন এজে। শুরুতে অফসাইডের সিদ্ধান্ত দেওয়া হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় গোলটি বৈধতা পায়।

তবে ১০ মিনিট পরই সমতায় ফেরে বায়ার্ন। মাঝমাঠ থেকে হ্যারি কেইনের অসাধারণ থ্রু পাস ধরে আলফোনসো ডেভিস গোল করেন। বিরতির পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ৬১ মিনিটে জুরিয়েন টিম্বারের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় বায়ার্ন। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক কেইন। আর্সেনালের বিপক্ষে ক্যারিয়ারে এটি ছিল তাঁর ১৬তম গোল।
এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বায়ার্ন। আর্সেনালের রক্ষণভাগে গিয়ে তাদের সব আক্রমণ থমকে দাঁড়ায়। উল্টো ৮২ মিনিটে ভিক্টর ইয়োকেরেসের পাস পেয়ে নিচু শটে গোল করেন ডেকলান রাইস। তাঁর গোলে সমতায় ফেরে আর্সেনাল।
শেষ দিকে জুরিয়েন টিম্বারের শট ঠেকিয়ে বায়ার্নকে হার থেকে রক্ষা করেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ফলে উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়।


