অলিখিত ফাইনালের আগে সুখবর পেল অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের আগে অলিখিত ফাইনালের সুখবর পেল অস্ট্রেলিয়া । চোট কাটিয়ে কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচে ফেরার জন্য প্রস্তুত অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তবে ব্যাটিং অর্ডারে নিজের অবস্থান নিয়ে কোনো শর্ত দিতে চান না তিনি। চার কিংবা পাঁচ নম্বরে ব্যাট করতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত এই অস্ট্রেলীয় ক্রিকেটার।

গত ৩০ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে পেটের নিচের অংশের পেশিতে চোট পান গ্রিন। এরপর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। চোট কাটিয়ে ফিরলেও সিরিজের শেষ টেস্টে তাকে বোলিংয়ে পাওয়া যাবে না। যদিও শনিবার নিউল্যান্ডসে অনুশীলনের সময় বোলিং করতে দেখা গেছে তাকে।

নিজের ফিটনেস নিয়ে সন্তুষ্ট গ্রিন বলেন, আমি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। কয়েক সপ্তাহের মধ্যে চোট এত দ্রুত সেরে ওঠায় এবং আমার শরীর যেভাবে সাড়া দিয়েছে, তাতে আমি বেশ অবাক হয়েছি।

গকেবেরহায় দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৩১ রানে হারের পর অস্ট্রেলিয়ার একাদশে গ্রিনের ফেরা প্রায় নিশ্চিত। ফলে দলে পরিবর্তনের পাশাপাশি ব্যাটিং অর্ডারেও রদবদল হতে পারে। মারনাস লাবুশেন, নিক ম্যাডিনসন ও বিউ ওয়েবস্টারের জায়গা নিয়ে অনিশ্চয়তা থাকলেও লাবুশেনকে আরেকটি সুযোগ দেওয়া হতে পারে। ম্যাডিনসনের পরিবর্তে গ্রিন ফিরলে ম্যাট রেনশের ওপেনিংয়ে ফেরার সম্ভাবনা রয়েছে।

ফাইনালে যেকোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত গ্রিন

সেক্ষেত্রে পাঁচ নম্বরে ব্যাট করতে পারেন গ্রিন। গত আগস্টে বাংলাদেশের বিপক্ষে এই পজিশনে ভালো করেছিলেন তিনি। তবে রেনশকে পাঁচ নম্বরে রাখা হলে গ্রিনকে অন্য জায়গায় ব্যাট করতে হতে পারে। চার নম্বরে ব্যাট করার অভিজ্ঞতাও রয়েছে তার। ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে এই পজিশনে অপরাজিত ১৭৪ রান করেছিলেন তিনি, যা তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। ব্যাটিং পজিশন নিয়ে গ্রিনের বক্তব্য, ‘চার ও পাঁচ নম্বরে আমি ভালো মানিয়ে নিতে পারি। তবে ওই জায়গা গুলোতে আমাদের অসাধারণ কয়েকজন ক্রিকেটার ব্যাট করেছেন। তাই দলের প্রয়োজন অনুযায়ী ওপরে কিংবা নিচে খেলতে আমার কোনো আপত্তি নেই।

বাংলাদেশের বিপক্ষে গত আগস্টের টেস্ট সিরিজে নিজের স্বাভাবিক ব্যাটিং ছন্দ ফিরে পেয়েছিলেন গ্রিন। ম্যাকে ও ডারউইনে খেলা ম্যাচ দুটি তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। শেফিল্ড শিল্ডের সর্বশেষ ম্যাচ থেকেও ব্যাটিং নিয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে গ্রিনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হতে পারে। বিশেষ করে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়বেন তিনি। সিরিজে এখন পর্যন্ত এই দুই পেসার মিলে ১২ উইকেট নিয়েছেন।

spot_imgspot_img
spot_img

Related Articles