বহুদিন ধরেই গুঞ্জন ছিল, শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ফিরতে পারেন পাওলো দিবালা। বন্ধু লিয়েন্দ্রো পারেদেসের সঙ্গে জুটি গড়ে আর্জেন্টিনায় ফেরার সম্ভাবনাও জোরালো হয়েছিল। তবে সব আলোচনা থামিয়ে শেষ পর্যন্ত রোমাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন তারকা।
ইতালিয়ান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন ৩২ বছর বয়সী দিবালা। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত রোমার জার্সিতেই দেখা যাবে তাকে।
দিবালাকে দলে টানতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছিল বোকা জুনিয়র্স। নতুন কোচ রদোলফো আরুয়াবারেনা ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা করেছিলেন। কিন্তু তাতেও মন গলেনি এই ফরোয়ার্ডের।
২০২২ সালে রোমায় যোগ দেওয়ার পর থেকেই সমর্থকদের অন্যতম প্রিয় মুখ হয়ে উঠেছেন দিবালা। চার মৌসুমে তার পারফরম্যান্স ও নেতৃত্ব ক্লাবটির আক্রমণভাগে এনে দিয়েছে নতুন মাত্রা। নতুন চুক্তির মাধ্যমে এবার প্রথমবারের মতো রোমার হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগও পাচ্ছেন তিনি।
নতুন চুক্তিতে তার বেতন কিছুটা কমানো হয়েছে। পাশাপাশি আগের মতো স্বয়ংক্রিয়ভাবে চুক্তির মেয়াদ বৃদ্ধির কোনো ধারা রাখা হয়নি। ফলে ২০২৭ সালের পর ভবিষ্যৎ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে দুই পক্ষেরই।
এদিকে দিবালাকে দলে ভেড়ানোর আশা পুরোপুরি ছাড়ছে না বোকা জুনিয়র্স। ক্লাবটির পরিকল্পনা, তার সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং ভবিষ্যতে সুযোগ তৈরি হলে আবারও চেষ্টা করা।
তাই আপাতত বন্ধুর ডাকে সাড়া না দিলেও, একদিন বোকা জুনিয়র্সের নীল-হলুদ জার্সিতে লিয়েন্দ্রো পারেদেসের পাশে দিবালাকে দেখা যাওয়ার সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।


