অবশেষে ডি থ্রি ট্রফিতে দল পেলেন তানজিম সাকিব

নিলামে অবিক্রিত থাকার পর অবশেষে ডি থ্রি ট্রফিতে দল পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তাকে দলে ভিড়িয়েছে একমি। দলটির মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন বিসিবির সহ-সভাপতি ও প্রভাবশালী বোর্ড কর্তা ফাহিম সিনহা।

ডি থ্রি ট্রফির নিলামে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল তানজিম সাকিবকে। তবে খেলোয়াড়দের তালিকায় তার নামের পাশে উল্লেখ ছিল, তিনি চোটে রয়েছেন এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এ কারণে আসন্ন টুর্নামেন্টের টি-টোয়েন্টি পর্বে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

তবে চোটের বিষয়টি সামনে থাকলেও নিলামে সাকিবের দল না পাওয়ার পেছনে ছিল ভিন্ন ঘটনা। নিলাম চলাকালে কারিগরি জটিলতার কারণে তাকে যথাসময়ে ডাকা সম্ভব হয়নি। ‘বি’ ক্যাটাগরিতে তার নাম আসার কথা থাকলেও পর্দায় ছবি দেখা গেলেও নাম প্রদর্শিত হচ্ছিল না। পরিস্থিতি বিবেচনায় নিলামের সঞ্চালক চারু শর্মা পরে তাকে ডাকার কথা জানান।

কিন্তু নিলামের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের জন্য নির্দিষ্ট বাজেট বরাদ্দ ছিল। কোনো দলই ১০ কোটি পয়েন্টের বেশি খরচ করতে পারত না। সাকিবকে পরবর্তী সময়ে অ্যাক্সিলারেটেড রাউন্ডে ডাকার কথা থাকলেও ততক্ষণে দল গুলোর হাতে প্রয়োজনীয় পয়েন্ট অবশিষ্ট ছিল না। ফলে শেষ পর্যন্ত নিলামে দল পাওয়া হয়নি যুব বিশ্বকাপজয়ী এই পেসারের।

এদিকে গত ২৭ অক্টোবর নিজের শারীরিক অবস্থা ও মাঠে ফেরার প্রস্তুতি নিয়ে ভক্ত-সমর্থকদের সঙ্গে একটি বার্তা শেয়ার করেন তানজিম সাকিব। সেখানে তিনি জানান, দীর্ঘ সাত মাস বিশ্রাম ও চোটের সঙ্গে লড়াইয়ের পর বর্তমানে ইংল্যান্ডে থেকে নিজেকে নতুন করে প্রস্তুত করছেন। ইনশাআল্লাহ, আগামী মাস থেকে আবারও বোলিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার।

সাকিব আরও জানান, দীর্ঘ বিরতি তাকে ধৈর্য ধরতে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে শিখিয়েছে। মাঠে ফেরার পথ সহজ না হলেও তার স্বপ্ন এখনো অটুট। এই কঠিন সময়ে সমর্থকদের ভালোবাসা, দোয়া ও পাশে থাকাকে নিজের বড় অনুপ্রেরণা হিসেবেও উল্লেখ করেন তিনি।

সাকিবের সেই বার্তার পরপরই এলো দল পাওয়ার সুখবর। ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে তিনি খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে পরবর্তী ওয়ানডে ও চার দিনের সংস্করণে একমির জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পথে নতুন আশার আলো দেখছেন বাংলাদেশের এই পেসার।

spot_imgspot_img
spot_img

Related Articles