ক্রিকেটের তিন ফরম্যাটে এখনো কোনো বৈশ্বিক শিরোপা জিততে পারেনি আফগানিস্তান। তবে এবার সিক্স-এ-সাইড ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ আসর হংকং সিক্সসের শিরোপা জিতে ইতিহাস গড়েছে দলটি। ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আফগানরা।
শিরোপার পথে দক্ষিণ আফ্রিকা, ওমান, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছে আফগানিস্তান। ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ১১৫ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ম্যাক্স ব্রায়ান্ট। মাত্র ১৪ বলের ইনিংসে চারটি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি।
এ ছাড়া নিক হবসন ৮ বলে ২৩ এবং অ্যালেক্স রস ১০ বলে অপরাজিত ২৯ রান করেন। অধিনায়ক জ্যাক উড ৫ বলে ৫ রান করে সুবিধা করতে না পেরে রিটায়ার্ড আউট হন। আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট শিকার করেন করিম জানাত ও নাঙ্গেয়ালিয়া খারোটে।
১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং প্রদর্শনী উপহার দেয় আফগানিস্তান। মাত্র ৫.১ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দলটি। শুরুতে করিম জানাত ৫ বলে ১৩ এবং অধিনায়ক গুলবাদিন নাইব ৬ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন।
এরপর ব্যাট হাতে ঝড় তোলেন ফরমানউল্লাহ ও ইমরান মীর। ফরমানউল্লাহ ৭ বলে অপরাজিত ২৬ রান করেন। অন্যদিকে, মাত্র ১৪ বলে অপরাজিত ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইমরান মীর। তাঁদের দুর্দান্ত ব্যাটিংয়েই অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে আফগানিস্তান।




