বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার মারুফা আক্তার। তবে আসন্ন নিউজিল্যান্ড সফরে এই তারকা পেসারকে পাচ্ছে না বাংলাদেশ। পুরোনো চোট আবারও ভোগাতে শুরু করেছে তাকে। ফলে তার মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।
তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ নারী দলের। আগামী ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের এই সিরিজ। তবে ইনজুরির কারণে আসন্ন সফরে মারুফার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বিসিবি সূত্রে এমন তথ্য জানা গেছে।
মারুফার মতো গুরুত্বপূর্ণ একজন পেসারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই পুরোপুরি সুস্থ হওয়ার পরই তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত ফেরানোর চেয়ে তার দীর্ঘমেয়াদি ফিটনেস নিশ্চিত করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বোর্ড।
এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, মারুফার গোড়ালির পুরোনো ব্যথা আবারও ফিরে এসেছে। তিনি বলেন, ‘তার গোড়ালির ব্যথা আবারও ফিরে এসেছে। আমরা চাই না এমনটা আবার ঘটুক। তাই পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য তাকে প্রয়োজনীয় সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে যেন কোনো ধরনের অস্বস্তি ছাড়াই বোলিং করতে পারে, সেটি নিশ্চিত করতে চাই। কারণ পুরোপুরি সুস্থ না থাকলে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করা তার জন্য কঠিন হবে।’




