উইন্ডহোকে রোববার সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে নামিবিয়া। প্রথমবারের মতো আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে আফ্রিকার দেশটি।
নিজেদের মাঠে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে নামিবিয়া। ক্রিকেট ইতিহাসে দেশটির জন্য এটি অন্যতম বড় অর্জন।
আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক হতে যাওয়া নামিবিয়ার জন্য এই জয় নিঃসন্দেহে বড় অনুপ্রেরণা। সিরিজ নির্ধারণী ম্যাচে পেসার জেজে স্মিথ ও জ্যাক ব্রাসেল মিলে সাতটি উইকেট শিকার করেন। তাদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার লরেন স্টিনক্যাম্পের ৪২ রানের ইনিংসে জয়ের পথ সহজ হয় নামিবিয়ার। অধিনায়ক গেরহার্ড এরাসমাস করেন ৩০ রান। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
পুরো সিরিজে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন এরাসমাস। ২৬৩ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। আর শেষ ম্যাচে ৯ ওভারে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জেজে স্মিথ।
অন্যদিকে, আয়ারল্যান্ড ইতোমধ্যে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে জায়গা নিশ্চিত করেছে। তবে নামিবিয়াকে বিশ্বকাপে জায়গা করে নিতে খেলতে হবে কোয়ালিফায়ার প্লে-অফ।




