বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে হ্যাকাররা। বিসিবি জানিয়েছে, এখনও দফায় দফায় অ্যাকাউন্টটিতে অননুমোদিত প্রবেশের চেষ্টা চালানো হচ্ছে।
সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক জরুরি সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবির ভাষ্য অনুযায়ী, অ্যাকাউন্টটি দখলের চেষ্টা চালিয়ে হ্যাকাররা সেখান থেকে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কাছে বার্তা পাঠাচ্ছে। এসব বার্তার সঙ্গে অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও বেটিং ওয়েবসাইটের লিংক এবং ফিশিং লিংক যুক্ত করা হচ্ছে।
এ অবস্থায় বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক না করার আহ্বান জানিয়েছে বোর্ড। পাশাপাশি এসব বার্তা উপেক্ষা করার এবং কোনো লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা লগইনসংক্রান্ত গোপন তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বিসিবি জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা কোনো লিংক খোলা বা তাতে যুক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।
অ্যাকাউন্ট পুনরুদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে বোর্ড। অ্যাকাউন্টটি পুরোপুরি সুরক্ষিত হওয়ার পর এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে।




