অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। তার এই অভিষেককে ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে মেলবোর্নে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। তাদের জন্য বিশেষ আয়োজনের ঘোষণা দিয়েছে মোস্তাফিজের নতুন দল মেলবোর্ন রেনেগেডস।
বিগ ব্যাশের ১৬তম আসরে রেনেগেডসের হয়ে খেলবেন বাঁহাতি এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্য ফিজ’ নামে পরিচিত মোস্তাফিজ টি-টোয়েন্টি ক্রিকেটে ইতোমধ্যে ৪০০-এর বেশি উইকেট শিকার করেছেন। তার অভিজ্ঞতা ও কার্যকর বোলিংয়ে আসন্ন আসরে বাড়তি শক্তি পেতে যাচ্ছে মেলবোর্নের দলটি।
বাংলাদেশি সমর্থকদের এই আনন্দে যুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত ম্যাচগুলোতে বাংলাদেশি দর্শকদের জন্য থাকছে বিশেষ গ্যালারি ‘দ্য ফিজ বে’। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একসঙ্গে বসে লাল-সবুজের পতাকা হাতে নিজেদের সমর্থন জানাতে পারবেন।
শুধু বিশেষ গ্যালারিই নয়, দর্শকদের জন্য রাখা হয়েছে টিকিটে আকর্ষণীয় ছাড়ও। ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কেনার ক্ষেত্রে মিলবে ৫০ শতাংশ মূল্যছাড়।
বিগ ব্যাশে নতুন অধ্যায় শুরু করতে মুখিয়ে আছেন মোস্তাফিজ নিজেও। মেলবোর্ন রেনেগেডসে যোগ দেওয়ার আগে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানিয়েছেন, প্রথমবারের মতো এই দলের হয়ে খেলার অভিজ্ঞতা নিতে তিনি রোমাঞ্চিত। বিশেষ করে ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামার সুযোগ তার কাছে দারুণ কিছু। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখতে চান বাংলাদেশের এই পেসার।
রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও মোস্তাফিজকে নিয়ে আশাবাদী। তার মতে, অভিজ্ঞ এই পেসারের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার দক্ষতা দলের বোলিং আক্রমণকে আরও সমৃদ্ধ করবে। আইএলটি-টোয়েন্টির ব্যস্ততা শেষ করে রেনেগেডসের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মোস্তাফিজের।
সব মিলিয়ে বিগ ব্যাশে মোস্তাফিজের প্রথম অংশগ্রহণকে ঘিরে মেলবোর্নে তৈরি হচ্ছে উৎসবের আবহ। মাঠে তার কাটারের জাদু দেখার পাশাপাশি এমসিজির গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের লাল-সবুজের উপস্থিতিও হতে যাচ্ছে এবারের আসরের অন্যতম আকর্ষণ।


