জাতীয় দলে বাড়তি চাপ নেই-অমিত

মিরপুরে প্রথম টেস্টে হারের পর এবার সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিততে চায় বাংলাদেশ। আগামীকাল শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে দলে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার অমিত হাসান। চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়া মুমিনুল হকের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি। জাতীয় দলে ফিরে বাড়তি কোনো চাপ নিতে চান না অমিত। বরং ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটেও সেভাবেই নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চান।

মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান মুমিনুল হক। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে কনকাশন বদলি হিসেবে খেলেন জাকের আলী। পরে দ্বিতীয় টেস্টের দল থেকেও ছিটকে যান মুমিনুল। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন অমিত।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি বড় ইনিংস খেলার সামর্থ্য দেখিয়েই আবারও জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই ব্যাটার। সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুটি ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি। ফলে আত্মবিশ্বাস নিয়েই জাতীয় দলের হয়ে নিজেকে প্রমাণের অপেক্ষায় অমিত।

গতকাল মঙ্গলবার সিলেটের উইকেট নিয়ে কথা বলতে গিয়ে অমিত জানান, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের উইকেটের মধ্যে পার্থক্য থাকতে পারে। এনসিএলে খেলার সময় এক ধরনের উইকেট দেখা গেলেও আন্তর্জাতিক ম্যাচের উইকেটের আচরণ ভিন্ন হতে পারে। এখন পর্যন্ত উইকেটে ঘাস দেখা গেলেও ম্যাচের এক-দুই দিন আগে এর প্রকৃত অবস্থা আরও ভালোভাবে বোঝা যাবে বলে মনে করেন তিনি।

সিলেটের মাঠে খেলার অভিজ্ঞতাও রয়েছে অমিতের। এর আগে সিলেটের হয়ে এনসিএলে দুটি ম্যাচ খেলেছেন তিনি। তবে আগের উইকেটের সঙ্গে এবারের উইকেটের কিছুটা পার্থক্য দেখছেন এই ব্যাটার। তাই উইকেটের আচরণ বুঝতে আরও সময় নিতে চান তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে ব্যাট হাতে ভালো করতে পারেননি অমিত। তবে ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। বড় ইনিংস খেলার পর জাতীয় দলে ফিরে বাড়তি চাপ অনুভব করছেন কি না, এমন প্রশ্নে অমিত বলেন, ‘আমার কাছে মনে হয় না বাড়তি কোনো চাপ আছে। আমি যেভাবে ডোমেস্টিক ক্রিকেট খেলে এসেছি, চেষ্টা করব সেভাবেই যেন খেলতে পারি।’

মুমিনুলের অনুপস্থিতিতে সিলেট টেস্টে তিন নম্বরে ব্যাট করার সুযোগ তৈরি হতে পারে অমিতের সামনে। তবে ব্যাটিং পজিশন নিয়ে আলাদা কোনো ভাবনা নেই তাঁর। দলের ম্যানেজমেন্ট যে পজিশনে খেলাতে চাইবে, সেখানেই নিজের দায়িত্ব পালনের চেষ্টা করবেন। জিম্বাবুয়ের বিপক্ষে আগের টেস্টে সাত নম্বরে ব্যাট করেছিলেন তিনি। এবার ওপরের দিকে ব্যাট করার সুযোগ এলেও সেটিকে বাড়তি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না।

ঘরোয়া ক্রিকেটে বড় রান করার পর ধারাবাহিকতা ধরে রাখার চাপও নিতে চান না অমিত। তাঁর কাছে ব্যাটিংয়ের প্রক্রিয়াটাই গুরুত্বপূর্ণ। রান হোক কিংবা না হোক, নিজের স্বাভাবিক খেলায় মনোযোগ ধরে রাখতে চান তিনি।

জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকেও নিয়মিত পরামর্শ নেন অমিত। বিশেষ করে ব্যাটিংয়ের উন্নতি ও প্রস্তুতি আরও ভালো করার ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। সিনিয়রদের কাছ থেকে শেখার চেষ্টা সব সময়ই করেন বলে জানিয়েছেন এই তরুণ।

spot_imgspot_img
spot_img

Related Articles