ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের কারণ জানালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুলে হোসেন শান্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারের জন্য দলের ব্যাটিং ব্যর্থতা ও স্পিনারদের নিষ্প্রভ পারফরম্যান্সকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কয়েক মাসের প্রস্তুতি থাকলেও মাঠে পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি ড্র হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতে না পারাই ম্যাচ জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
শান্ত বলেন, ‘ফলাফলটা হতাশাজনক। আমাদের এই টেস্ট ম্যাচটি জেতা উচিত ছিল। প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, যা ম্যাচে আমাদের ভুগিয়েছে। সামগ্রিকভাবেও আমরা ব্যাট হাতে ধারাবাহিক নই। দলীয়ভাবে ভালো পারফরম্যান্স হচ্ছে না। কয়েক মাস ধরে পরিকল্পনা করলেও মাঠে তা বাস্তবায়ন করতে পারিনি। স্পিনাররাও ভালো বোলিং করতে পারেনি।
মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পেয়ে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিলেটে দ্বিতীয় টেস্ট ড্র করেও ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ক্যারিবীয়রা।
বাংলাদেশের স্পিনারদের ব্যর্থতা সিরিজের ফলাফলে বড় প্রভাব ফেলেছে। সিরিজসেরা ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান একাই শিকার করেছেন ১৬ উইকেট। বিপরীতে বাংলাদেশের তিন স্পিনার মিলে পেয়েছেন সমানসংখ্যক উইকেট। দুই দলের স্পিনারদের পারফরম্যান্সের এই বিশাল ব্যবধানই বাংলাদেশের জন্য বড় হতাশার কারণ হয়ে দাঁড়ায়।
তবে পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক। পাশাপাশি ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করা তাওহীদ হৃদয়ের প্রশংসাও করেছেন তিনি। প্রথম টেস্টে অপরাজিত ২৪২ রানের ঐতিহাসিক ইনিংস খেলার পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৮২ রান করেন হৃদয়। তার পারফরম্যান্সে মুগ্ধ শান্ত।
তিনি বলেন,
পেসাররা যেভাবে বোলিং করেছে, সেটি ইতিবাচক দিক। সাদা বলের ক্রিকেটে হৃদয় কতটা ভালো, তা আমরা জানি। প্রথম ম্যাচের পরও সে দারুণ খেলেছে। তার পারফরম্যান্সে আমি খুব খুশি। আশা করি, সে এই ধারাবাহিকতা ধরে রাখবে।
অন্যদিকে নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে ভুল থেকে শেখার চেষ্টা করছেন বলে জানান হৃদয়। বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে নিজের আদর্শ হিসেবেও উল্লেখ করেন তিনি।
হৃদয় বলেন, ‘আমি ভুল থেকে শেখার চেষ্টা করি। ছোটবেলা থেকেই মুশি ভাইকে অনুসরণ করি। তিনি আমার আদর্শ। আমি তাঁর সঙ্গে কথা বলি এবং তাঁকে বলি, কোনো পরামর্শ থাকলে যেন আমাকে জানান। আমি শুধু বলের দিকে মনোযোগ দিয়ে পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। সামনে দক্ষিণ আফ্রিকা সফর। কঠিন কন্ডিশনে খেলতে হলেও দলের অভিজ্ঞ ক্রিকেটাররা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন বলে আশাবাদী শান্ত।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফর কঠিন হবে। তবে দলের কয়েকজন ক্রিকেটার যথেষ্ট অভিজ্ঞ এবং তারা সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে বলে বিশ্বাস করি। আমি আশ্বস্ত করতে পারি, এই দল সামনে এগিয়ে যাবে।




