ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ শেষ করেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মঙ্গলবার (১০ নভেম্বর) দুই ভাগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
জানা গেছে, মঙ্গলবার প্রথম বহরে ১৩ জন ক্রিকেটার ও প্রধান কোচসহ মোট ১৬ সদস্য ঢাকা ছেড়েছেন। দলের বাকি সদস্যরা বুধবার (১১ নভেম্বর) দ্বিতীয় বহরে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা করবেন। এর আগে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালীন আসন্ন সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ১৫ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে লড়াই। আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ৪ ডিসেম্বর গেবেখার সেন্ট জর্জেস পার্কে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। আর ৭ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
সফরের শেষ পর্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ১০ ডিসেম্বর কিম্বার্লি ওভালে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। ১২ ডিসেম্বর বেনোনির উইলোমুর পার্কে দ্বিতীয় এবং ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।




