ফিফা বিশ্বকাপ ২০২৬
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই যেন ‘ফুটবলের ফকল্যান্ড যুদ্ধ’ ম্যারোডোনা-শিল্টন কথার লড়াই, আর্জেন্টিনার বিশ্বকাপ জয় আর ইংল্যান্ডের প্রতিশোধের ম্যাচ। এই দু-দল যখনই ফুটবল মোকাবেলায় অবতীর্ন হয় তখনই চলে আসে পুরনো হিসেব-নিকেশ। তাহলে চলুন দেখি কোন হিসেবের খেরখাতায় জমানো কৌশল নিয়ে স্কালোনি-টুখেল ফাঁদ পাততে যাচ্ছেন আজকের ফুটবল মহারণে, সেরকম ১০টি ইউনিক বিষয় খুঁজে বের করার চেষ্টা। দেখুন এক নজরে।
১. ৪০ বছরের প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় শুরুঃ
১৯৮৬ সালের ‘হ্যান্ড অব গড’ থেকে ১৯৯৮ সালের বেকহ্যামের লাল কার্ড-আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই সবসময়ই ইতিহাসের ভার বহন করে। এবার সেই ইতিহাসে যোগ হতে যাচ্ছে নতুন একটি অধ্যায় সেমিফাইনাল দিয়ে।
২. অভিজ্ঞতার বিপক্ষে তারুণ্যের পরীক্ষাঃ

আর্জেন্টিনার ভরসা মেসির অভিজ্ঞতা ও ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা। ইংল্যান্ডের শক্তি বেলিংহাম, সাকা ও গর্ডনদের গতি, শক্তি ও নির্ভীক ফুটবল। অভিজ্ঞতা নাকি তারুণ্য-উত্তর মিলবে এই ম্যাচে।
৩. মিডফিল্ড হতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারকঃ
এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার ও ডি পলের বিপক্ষে ডেকলান রাইস, বেলিংহাম ও অ্যান্ডারসনদের লড়াই ম্যাচের নিয়ন্ত্রণ ঠিক করে দিতে পারে।
৪. মেসিকে থামানোর পরিকল্পনাঃ
ইংল্যান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মেসিকে বল পাওয়ার সুযোগ কমিয়ে দেওয়া। রাইসের সঙ্গে ডাবল মার্কিং কিংবা মিড-ব্লক প্রেসিং হতে পারে টুখেলের বড় অস্ত্র।
৫. দুই দলের জয়ের পথ ভিন্নঃ
আর্জেন্টিনার ছোট ছোট পাস, ধৈর্য ও পজিশনাল ফুটবলে প্রতিপক্ষ ভেঙ্গে পড়তে পারে। ইংল্যান্ড দ্রুত ট্রানজিশন, উইং আক্রমণ এবং সেট-পিসে বেশি কার্যকর হতে পারে।
৬. শেষ ৩০ মিনিট হতে পারে সবচেয়ে বিপজ্জনকঃ
দুই দলই এই বিশ্বকাপে শেষ আধাঘণ্টায় একাধিক গুরুত্বপূর্ণ গোল করেছে, যেমন মিশরের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে থেকেও আর্জেন্টিনার ৩-২ গোলের জয় তাদের আত্ববিশ্বাস বাড়াবে। আবার ইংল্যান্ড নরওয়ে ও কঙ্গোর সাথে পিছিয়ে পড়েও জয় লাভ করায় তাদেরও আত্ববিশ্বাস তুঙ্গে। ফলে ম্যাচ যত গড়াবে, নাটকীয়তা বাড়ার সম্ভাবনাও তত বেশি থাকবে।

৭. গোলকিপারের ভূমিকা হতে পারে নির্ণায়কঃ
এমিলিয়ানো মার্তিনেজ বড় ম্যাচে অসাধারণ মানসিক দৃঢ়তার জন্য পরিচিত। অন্যদিকে ইংল্যান্ডের গোলরক্ষকও একাধিক ম্যাচে দলকে বাঁচিয়েছেন। ম্যাচের ভাগ্য তাদের এক-দুটি বড় সেভের ওপরও নির্ভর করতে পারে।
৮. বেঞ্চের শক্তিতেও এগিয়ে দুই দলঃ
কোচ স্কালোনি ও টুখেল-দুজনের কাছেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বিকল্প খেলোয়াড় রয়েছে। দ্বিতীয়ার্ধের বদলি ফুটবলাররাও হতে পারেন নায়ক।
৯. ফাউল ও আবেগের লড়াইঃ
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে আবেগ সবসময়ই বেশি থাকে। মাঝমাঠের সংঘর্ষ, ট্যাকটিক্যাল ফাউল, মানসিক লড়াই এবং স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ ম্যাচের গতি বদলে দিতে পারে।
১০. ফাইনালের টিকিটের সঙ্গে ইতিহাস গড়ার সুযোগঃ
এই ম্যাচে জয় মানেই শুধু বিশ্বকাপের ফাইনাল নয়। আর্জেন্টিনার জন্য টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখা, আর ইংল্যান্ডের জন্য ১৯৬৬ পর আবার বিশ্বকাপ জয়ের পথে সবচেয়ে বড় বাধা পেরিয়ে যাওয়া।
মনে রাখবেন আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফিাইনাল “শুধু একটি সেমিফাইনাল নয়-এটি ইতিহাস, প্রতিশোধ, ম্যারাডোনা-শিল্টন কথার লড়াই, কৌশল আর দুই ফুটবল দর্শনের মহারণ।”


