এক ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হতে না হতেই নতুন টুর্নামেন্টে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান। এবার ৯০ বলের ফরম্যাটের টুর্নামেন্ট সুপার নাইনটিতে খেলতে দেখা যাবে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে। আসন্ন আসরকে সামনে রেখে সাকিবকে দলে ভিড়িয়েছে লন্ডন জায়ান্টস।
সুপার নাইনটির চতুর্থ আসরের জন্য সাকিবকে প্রি-সাইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্টের আয়োজকরা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তারা জানায়, লন্ডন জায়ান্টসে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান।
পোস্টে আরও বলা হয়, সুপার নাইনটির চতুর্থ মৌসুমের আগে একজন তারকা ক্রিকেটারকে প্রি-সাইন করেছে লন্ডন জায়ান্টস। নতুন আসরে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে প্রস্তুত ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ৩ ডিসেম্বর শুরু হবে সুপার নাইনটির চতুর্থ আসর, যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। ছয়টি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। সব মিলিয়ে মাঠে গড়াবে ১৮টি ম্যাচ। কেনিয়ার নাইরোবির জিমখানা স্টেডিয়ামে হবে আসরের সব খেলা।
এদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব। কিছুদিন আগেই নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলেছেন তিনি। সেই দলে ছিলেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
এরপর আবুধাবি টি-টেন লিগে ইউনাইটেড টাইগার্সের হয়ে নাম লিখিয়েছেন সাকিব। গত ৭ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ২০ নভেম্বর পর্যন্ত। আবুধাবির পর এবার নতুন চ্যালেঞ্জ হিসেবে সুপার নাইনটিতে দেখা যাবে বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।




