পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নতুন দায়িত্বে হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বাড়ানো, আধুনিক কোচিং পদ্ধতি বাস্তবায়ন এবং তরুণ ক্রিকেটারদের বিকাশে কাজ করবেন বুলবুল।
আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন ঘটাতে চায় লাহোর কালান্দার্স। পাশাপাশি বাংলাদেশে নিজেদের ক্রিকেট কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। সেই লক্ষ্য বাস্তবায়নে বুলবুলের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় তারা।
খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ক্রিকেট প্রশাসক হিসেবেও রয়েছে বুলবুলের দীর্ঘ অভিজ্ঞতা। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার (এশিয়া) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) কাজ করেছেন এই সাবেক ক্রিকেটার। সর্বশেষ বিসিবি সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ নাম আমিনুল ইসলাম বুলবুল। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছিলেন সাবেক এই অধিনায়ক।




