আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ব্যাটারদের তালিকায় এক লাফে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন তিনি। একই সঙ্গে উন্নতি হয়েছে বাংলাদেশের পেসার হাসান মাহমুদেরও।
সাম্প্রতিক সিলেট টেস্টে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেন হৃদয়। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও করেন ৮২ রান। দুই ইনিংসে ধারাবাহিক সাফল্যের প্রতিফলন দেখা গেছে আইসিসির র্যাঙ্কিংয়ে। বর্তমানে টেস্ট ব্যাটারদের তালিকায় তার অবস্থান ৬০ নম্বরে। অন্যদিকে ছয় ধাপ উন্নতি করে ৩২তম স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশের বিপক্ষে পারফর্ম করে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও। আমির জাঙ্গু ২৮ ধাপ এগিয়ে ৬২তম এবং কাভেম হজ ১২ ধাপ উন্নতি করে ৫২তম স্থানে উঠেছেন।
এদিকে আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ ছয় ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন। এর মধ্য দিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের যেকোনো বিভাগে সেরা দশে জায়গা করে নেওয়া প্রথম আফগান ক্রিকেটার হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
বোলারদের তালিকায়ও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকানের। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে ১৬ উইকেট শিকার করে ১১ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন তিনি। পাশাপাশি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও চার ধাপ উন্নতি করে ৩১তম হয়েছেন ওয়ারিকান। তার সতীর্থ জাস্টিন গ্রিভস এক ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানগুলোতে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ব্যাটারদের মধ্যে ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং অলরাউন্ডারদের তালিকায় দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছেন।




