যুব এশিয়া কাপের সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ

যুব এশিয়া কাপের শেষ চারের লড়াইয়ের সূচি চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান। আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।

বৃহস্পতিবার সকাল ১১টায় সংযুক্ত আরব আমিরাতের আল আমিরাতে দুটি ভিন্ন ভেন্যুতে শুরু হবে সেমিফাইনালের ম্যাচ। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

গ্রুপপর্বে তিন ম্যাচের দুটিতে জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। যদিও টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১১৩ রানের বড় ব্যবধানে হারে ফরিদ হাসানের দল। ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

তবে প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় যুব টাইগাররা। পরের দুই ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানে এবং মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।.

এদিকে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের আহসান মুমিন। সর্বশেষ দুই ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৮২ ও ১৫২ রানের ইনিংস। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে নিজের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে বাবার অবদানের কথা তুলে ধরেছেন এই তরুণ ব্যাটার।

আহসান বলেন,

ক্রিকেটে আসার পেছনে আমার বাবার অবদান সবচেয়ে বেশি। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল, আমি একজন ভালো ক্রিকেটার হব। আমাদের বাসার পেছনে নেট আছে। সেখানে বাবা নিজেই আমাকে বল থ্রো করতেন। সব সময় আমার পাশে থেকেছেন। তাঁর অনুপ্রেরণাতেই আজ এতদূর আসতে পেরেছি।

নিজের পছন্দের ক্রিকেটারদের প্রসঙ্গে আহসান আরও বলেন, ‘শহীদ আফ্রিদিকে আমার ভালো লাগে। এ ছাড়া তাওহীদ হৃদয়ের ৩৫০ ও ২৪২ রানের ইনিংসের হাইলাইটস দেখে অবাক হয়েছি। ভাবতাম, এত বড় ইনিংসও খেলা সম্ভব! এসব ইনিংস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

spot_imgspot_img
spot_img

Related Articles