প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেই শিরোপার স্বপ্ন দেখছেন হামজা চৌধুরী। দেশের হয়ে প্রথম সাফ খেলার রোমাঞ্চ যেমন কাজ করছে তার মধ্যে, তেমনি দলকে চ্যাম্পিয়ন করার ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী এই প্রবাসী ফুটবলার। তার লক্ষ্য, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ জিতে শিরোপার পথে এগিয়ে যাওয়া।
বুধবার রাত ৮টায় পল্টনের জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটানকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা কোচ থমাস ডুলির দল ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান হামজারা।
নিজের প্রথম সাফ অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হামজা বলেন,
প্রথমত, আমি ভীষণ রোমাঞ্চিত। বাংলাদেশের হয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ খেলছি। আমরা সবাই রোমাঞ্চিত। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমাদের লক্ষ্য সব ম্যাচ জেতা। আমরা জানি, শিরোপা জয়ের প্রত্যাশা থেকে আমাদের ওপর অনেক চাপ রয়েছে। ইনশাআল্লাহ, আমরা সাফ চ্যাম্পিয়ন হব।
শুধু আত্মবিশ্বাস প্রকাশই নয়, সাম্প্রতিক সময়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সও আশার জায়গা হিসেবে দেখছেন হামজা। তার মতে, সিঙ্গাপুর ও হংকংয়ের মতো দলের বিপক্ষে ভালো খেলার পাশাপাশি ভারতকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ।
হামজার ভাষায়, ‘আমরা বুঝতে পারি, পুরো দেশ আমাদের চ্যাম্পিয়ন দেখতে চায়। আমরাও বেশ আত্মবিশ্বাসী। সিঙ্গাপুর, হংকং ও অন্যান্য দলের বিপক্ষে আমরা ভালো করেছি। ভারতকে হারিয়েছি। এর মাধ্যমে দেখিয়েছি, এসব দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের রয়েছে। আমাদের সেই মান আছে এবং আমরা আরও ভালো খেলতে পারি। ইনশাআল্লাহ, এই টুর্নামেন্টেও আমরা সফল হব।
ভুটানের বিপক্ষে ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল ৬৫ মিনিট পর্যন্ত। একের পর এক সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিলেন না ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত মোহাম্মদ ইব্রাহিমের গোলে স্বস্তির জয় পায় স্বাগতিকরা। তবে গোলের সুযোগ নষ্ট হওয়া নিয়ে খুব একটা চিন্তিত নন হামজা।
তার বিশ্বাস, দলের আক্রমণভাগে গোল করার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে। প্রয়োজন শুধু আরও কিছুটা সময়, প্রস্তুতি ও ম্যাচ খেলার অভিজ্ঞতা।
এ প্রসঙ্গে হামজা বলেন,
আমাদের ফরোয়ার্ড পজিশনে গোল করার মতো খেলোয়াড় রয়েছে। আমরা তাদের নিয়ে আত্মবিশ্বাসী। আমাদের শুধু আরও কিছুটা সময় নিয়ে প্রস্তুতি নিতে হবে এবং ম্যাচ খেলতে হবে। আশা করি, সামনে আরও গোল করতে পারব এবং আরও ম্যাচ জিতব।
ভুটান ম্যাচে গোলের সুযোগ হাতছাড়া হওয়া নিয়েও উদ্বিগ্ন নন এই মিডফিল্ডার। কারণ, তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গোলের সুযোগ তৈরি করা। সেই কাজ বাংলাদেশ করতে পেরেছে বলেই আশাবাদী তিনি।
হামজা বলেন, গোলের সুযোগ নষ্ট হওয়া নিয়ে আমি চিন্তিত নই। যদি আমরা সুযোগই তৈরি করতে না পারতাম, তাহলে চিন্তার বিষয় ছিল। কিন্তু আমরা সুযোগ তৈরি করেছি। এখন সেগুলোকে গোলে রূপান্তর করতে হবে। ইনশাআল্লাহ, আমরা সেটা করতে পারব।
সাফের সেমিফাইনাল নিশ্চিত হলেও শিরোপার লক্ষ্য থেকে সরে আসতে চান না হামজা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে কাঙ্ক্ষিত ট্রফির দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ।




