ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড

ইংল্যান্ডের জার্সিতে নতুন ইতিহাস গড়লেন হ্যারি কেইন। জাতীয় দলের হয়ে ১২৬তম ম্যাচ খেলতে নেমে দেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন এই ইংলিশ অধিনায়ক। স্মরণীয় এই ম্যাচে গোলও করেছেন তিনি।

কেইনের ৯২তম আন্তর্জাতিক গোল এবং দ্বিতীয়ার্ধে করা পেনাল্টি থেকে পাওয়া গোলে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে থমাস টুখেলের দল। একই সঙ্গে গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইও জিইয়ে রেখেছে তারা।

হ্যারি কেইনের রেকর্ড

বৃহস্পতিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ দর্শকের সামনে খেলতে নামে দুই দল। ম্যাচটি কেইনের জন্য ছিল বিশেষ উপলক্ষ। গত মাসে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের ১২৫ ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেই সেই রেকর্ড ছাড়িয়ে যান ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। ম্যাচ শুরুর আগে তাঁর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রিন্স অব ওয়েলস এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পিটার শিলটন।

আক্রমনে এগিয়ে ইংল্যান্ড

ম্যাচের প্রথমার্ধে ক্রোয়েশিয়া রক্ষণাত্মক কৌশলে খেললেও আক্রমণে এগিয়ে ছিল ইংল্যান্ড। ১৬ মিনিটে এলিয়ট অ্যান্ডারসনের শট দিয়ে প্রথম উল্লেখযোগ্য আক্রমণ তৈরি করে স্বাগতিকেরা। এরপর ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের শট আটকে দেন ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড়েরা। লুকা ভুসকোভিচের বাধায় গোল করতে পারেননি কেইনও।

জাতীয় দলের হয়ে ১২৬তম ম্যাচে প্রিন্স অব উইলিয়ামসের কাছ থেকে সম্মামনা নেন হ্যারি কেইন। পাশে পিটার শিলটন

তবে ২৪ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। কেইনের পাস থেকে আক্রমণ তৈরি করেন জুড বেলিংহাম। তাঁর প্রথম স্পর্শে বাড়ানো বল পেয়ে যান মরগান রজার্স। মাটি কামড়ানো শটে ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচকে পরাস্ত করেন তিনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার সুযোগ তৈরি হয় স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধের শুরুতেও গোলের চেষ্টা চালায় ইংল্যান্ড। কিন্তু ডেকলান রাইসের নিচু ক্রস থেকে বল জালে পাঠাতে পারেননি কেইন। বেলিংহামের আরেকটি প্রচেষ্টাও আটকে যায়। এরপর ম্যাচের ৫৯ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহ। তাঁর দুর্বল হেডের সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান পেতার সুশিচ। তাতে ১-১ সমতায় ফেরে সফরকারীরা।

তবে সেই ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দ্রুতই পান কুয়ানসাহ। কর্নার থেকে আসা বলে বক্সের মধ্যে তাঁকে ফেলে দেন ক্রোয়েশিয়ার ইভান স্মোলচিচ। ভিডিও দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে হ্যারি কেইন বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে আবারও এগিয়ে দেন। এটি ছিল জাতীয় দলের হয়ে তাঁর টানা পঞ্চম ম্যাচে গোল। একই সঙ্গে আন্তর্জাতিক গোলসংখ্যা বেড়ে দাঁড়ায় ৯২-এ।

spot_imgspot_img
spot_img

Related Articles