অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

১৩ নভেম্বর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড। হ্যারি ব্রুকের নেতৃত্বে এই ম্যাচে কেমন হতে পারে ইংল্যান্ডের একাদশ, তা নিয়ে আলোচনা চলছে। ব্যাটিংয়ে একাধিক বিকল্প থাকলেও বোলিং বিভাগে কয়েকজনের জায়গা নিয়ে থাকতে পারে প্রতিদ্বন্দ্বিতা।

বিশেষ করে পেস আক্রমণে জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন ও জেমি ওভারটনের মধ্যে জায়গা পাওয়ার লড়াই হতে পারে। তবে ২০২৬ সালের পারফরম্যান্স বিবেচনায় একাদশে এগিয়ে থাকতে পারেন ওভারটন। অন্যদিকে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অবদান রাখার সামর্থ্য থাকায় উইল জ্যাকস ও স্যাম কারানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে সেরা সমন্বয় খুঁজে বের করাই ইংল্যান্ডের লক্ষ্য। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি খেলোয়াড়দের নিজেদের প্রমাণেরও সুযোগ।

ওপেনিংয়ে দেখা যেতে পারে বেন ডাকেট ও টম ব্যান্টনকে। চলতি বছর ১৩ ওয়ানডেতে ৫৬.৬৯ গড়ে ৭৩৭ রান করেছেন ডাকেট। তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ১৬৭ রানের।

অন্যদিকে সাত ওয়ানডেতে ৫৬.২৮ গড়ে ৩৯৪ রান করেছেন টম ব্যান্টন। একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। সর্বোচ্চ ১২৬ রানের ইনিংস খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটার। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ডাকেটের সঙ্গে ওপেনিংয়ে তাঁকেই দেখা যেতে পারে।

তিন নম্বরে থাকবেন অভিজ্ঞ ব্যাটার জো রুট। ২০২৬ সালে ১৩ ওয়ানডেতে ৮৫ গড়ে ৬৮০ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরির পাশাপাশি বল হাতে নিয়েছেন চার উইকেট। মাঝের ওভারগুলোতে ইনিংস সামলানো এবং বড় জুটি গড়ার দায়িত্ব থাকবে রুটের ওপর।

চার নম্বরে অধিনায়ক হ্যারি ব্রুকের খেলা প্রায় নিশ্চিত। এ বছর ১৩ ওয়ানডেতে ৫১ গড়ে ৬১২ রান করেছেন তিনি। দুটি সেঞ্চুরির মধ্যে রয়েছে ২০২ রানের একটি ইনিংস। পাঁচ নম্বরে সুযোগ পেতে পারেন জর্ডান কক্স। চলতি বছর পাঁচ ওয়ানডেতে ৩৫.৭৫ গড়ে তাঁর রান ১৪৩। সর্বোচ্চ ৭৬। প্রয়োজনে উইকেটকিপিংও করতে পারেন তিনি।

মিডল অর্ডারে কক্সের পর থাকবেন অলরাউন্ডার উইল জ্যাকস ও স্যাম কারান। ব্যাট হাতে ১২ ম্যাচে ৪৪.১৪ গড়ে ৩০৯ রান করার পাশাপাশি বল হাতে ১২ উইকেট নিয়েছেন জ্যাকস। অন্যদিকে ১০ ওয়ানডেতে ১২ উইকেট পেয়েছেন কারান। দুই বিভাগেই অবদান রাখার সামর্থ্য তাঁদের একাদশে বাড়তি ভারসাম্য দেবে।

বোলিংয়ে লিয়াম ডসন ও আদিল রশিদের ওপর ভরসা রাখতে পারে ইংল্যান্ড। আট ওয়ানডেতে ২১.৭৮ গড়ে ১৪ উইকেট নিয়ে দলে জায়গার দাবি জোরালো করেছেন ডসন। তাঁর সেরা বোলিং ৪৯ রানে চার উইকেট। অন্যদিকে অভিজ্ঞ লেগ স্পিনার রশিদ চলতি বছর সাত ম্যাচে নিয়েছেন নয় উইকেট। মাঝের ওভারগুলোতে উইকেট তুলে নেওয়ার দায়িত্ব সামলাবেন তিনি।

পেস আক্রমণে গাস অ্যাটকিনসনের সঙ্গে জেমি ওভারটনকে দেখা যেতে পারে। অ্যাটকিনসন নয় ওয়ানডেতে ৩৩.০৮ গড়ে নিয়েছেন ১২ উইকেট। ওভারটনেরও উইকেট ১২টি, তবে নয় ম্যাচে তাঁর গড় ৩২.২৫। সেরা বোলিং ৪৩ রানে তিন উইকেট।

এই পারফরম্যান্সের কারণে একাদশে জোফরা আর্চারের চেয়ে এগিয়ে থাকতে পারেন ওভারটন। ছয় ম্যাচে ৪৮.৫০ গড়ে আর্চারের শিকার ছয় উইকেট। তবে তাঁর অভিজ্ঞতা ও গতি ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে থাকবে।

সব মিলিয়ে ব্যাটিংয়ের গভীরতা এবং অলরাউন্ডারদের উপস্থিতি বিবেচনায় ভারসাম্যপূর্ণ একাদশ সাজাতে পারে ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত একাদশে কারা থাকছেন, তা নিশ্চিত হবে ম্যাচের টসের সময়।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:

বেন ডাকেট, টম ব্যান্টন (উইকেটকিপার) ,জো রুট ,হ্যারি ব্রুক (অধিনায়ক) ,জর্ডান কক্স ,উইল জ্যাকস ,স্যাম কারান ,লিয়াম ডসন ,আদিল রশিদ ,গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন

spot_imgspot_img
spot_img

Related Articles