ডব্লিউটিসিতে ১২ দল! আইসিসির সভায় বড় আলোচনা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পরিসর বাড়িয়ে আগামী চক্রে আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য আইসিসি বোর্ড সভায় তীব্র বিতর্কের আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে একটি কৌশলগত পর্যালোচনা এবং চূড়ান্ত হতে যাওয়া ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) নিয়েও সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে। ২০২৬ সালের শেষ প্রান্তিকের আইসিসির সভা বুধবার শুরু হয়েছে, যা রোববার শেষ হবে।

ডব্লিউটিসি কি ৯টি দল

বর্তমানে ডব্লিউটিসির চতুর্থ চক্র চলছে, যেখানে নয়টি দল অংশ নিচ্ছে। এই প্রতিযোগিতার কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। একসময় দুই স্তরবিশিষ্ট টেস্ট লিগ চালুর প্রস্তাবও উঠেছিল। তবে গত এক বছরে ১২টি পূর্ণ সদস্য দেশকে একই গ্রুপে রেখে ডব্লিউটিসি সম্প্রসারণের প্রস্তাব বেশ গুরুত্ব পায়। কিন্তু এখন সেই পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।

পরবর্তী চক্রেও ডব্লিউটিসিতে নয়টি দলই থাকার সম্ভাবনা বেশি। ফলে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান আগের মতোই প্রতিযোগিতার বাইরে থেকে যেতে পারে। তবে ১২টি নয়, ১০ দলের প্রতিযোগিতা হলে জিম্বাবুয়ের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। আর্থিক সংকটের কারণে অদূর ভবিষ্যতে টেস্ট ক্রিকেট খেলার ব্যাপারে আয়ারল্যান্ডের আগ্রহ নিয়েও প্রশ্ন রয়েছে।

এদিকে প্রতিযোগিতা সম্প্রসারণের বিরোধিতা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাদের মতে, দল বাড়লে সফরের সংখ্যা ও ব্যস্ততা বাড়বে। পাশাপাশি নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য নির্ধারিত সময়ও সংকুচিত হবে।

তবে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে ডব্লিউটিসির বাইরে একক টেস্ট খেলতে ইসিবি আগ্রহী বলে জানা গেছে। আফগানিস্তানের বিপক্ষে খেলতে তারা আগ্রহী নয়। এর কারণ হিসেবে তালেবান সরকারের অধীনে নারী ও মেয়েদের ওপর নিপীড়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বর্তমান কাঠামো বহাল থাকলে জিম্বাবুয়ে হতাশ হবে। কারণ, ডব্লিউটিসিতে অন্তর্ভুক্তির মাধ্যমে আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। ২০২৫ সালে জিম্বাবুয়ে ১০টি টেস্ট খেললেও চলতি বছর খেলেছে মাত্র দুটি।

বিষয়টি নিয়ে আইসিসি বোর্ড সভায় উত্তপ্ত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত পরবর্তী এফটিপি সভায় উপস্থাপন করা হতে পারে। বর্তমান চক্র আগামী মার্চে শেষ হওয়ার কথা।

সদস্য দেশগুলোর বেশির ভাগ দ্বিপক্ষীয় সিরিজ ও সফরের প্রতিশ্রুতি অনেক আগেই চূড়ান্ত হয়েছে। কিছু সূচি প্রকাশও করা হয়েছে। বালিতে সভার ফাঁকে দেশগুলোর মধ্যে এ বিষয়ে শেষ দফার আলোচনা হওয়ার কথা রয়েছে। ২০২৮ সালে জিম্বাবুয়ে সফরে যেতে পারে ইংল্যান্ড। সেই সফরে অন্তত একটি টেস্ট ম্যাচও থাকতে পারে। ২০০৪ সালের পর জিম্বাবুয়ের মাটিতে দুই দেশের মধ্যে কোনো দ্বিপক্ষীয় সিরিজ হয়নি। এখন পর্যন্ত ইংল্যান্ড ও জিম্বাবুয়ে সাতটি টেস্ট খেলেছে। এর মধ্যে জিম্বাবুয়ের মাটিতে হয়েছে মাত্র দুটি। ১৯৯৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সেই সিরিজ ০-০ ব্যবধানে ড্র হয়েছিল।

ডব্লিউটিসিতে ১২ দল! আইসিসির সভায় বড় আলোচনা

রবার্ট মুগাবের শাসনামলের শেষ দিকে রাজনৈতিক উত্তেজনার কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০২৭ সালে একটি টেস্ট খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। পরবর্তী চক্রে অস্ট্রেলিয়াও জিম্বাবুয়ে সফর করতে পারে। তবে সেখানে টেস্ট ম্যাচ থাকবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ২০০৩ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে আর টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। দেশটির মাটিতে তাদের একমাত্র টেস্ট ম্যাচটি হয়েছিল ১৯৯৯ সালে।

অন্যদিকে, টেস্ট ক্রিকেটে অপরাজিত একটি বছর কাটানোর পরও পরবর্তী চক্রে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজগুলো সংক্ষিপ্ত রাখার সম্ভাবনা রয়েছে। উত্তর আমেরিকায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ওয়াশিংটন ডিসি ও টরন্টোতে সাদা বলের সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে।

ক্রিকেট কানাডার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সিডব্লিউআইয়ের। পাশাপাশি মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল ওয়াশিংটন ফ্রিডমের সঙ্গেও সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় তারা। ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ৪৫ মাইল উত্তরে ফ্রেডেরিকে ১০ হাজার আসনবিশিষ্ট একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ শুরু করেছে ওয়াশিংটন ফ্রিডম।

ম্যাককিনজির কৌশলগত পর্যালোচনা

আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বৈশ্বিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনজির করা পর্যালোচনা শেষ হয়েছে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন সংস্করণই এই পর্যালোচনার আওতায় ছিল। প্রতিবেদনটি আইসিসি বোর্ড সভায় উপস্থাপন করা হবে।

বিশেষ করে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সুপারিশগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। টেস্ট ও টি-টোয়েন্টির মাঝখানে থাকা ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা ও অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, পরবর্তী চক্রে ওয়ানডে ম্যাচের সংখ্যা কমতে পারে। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ২০৩০-৩১ সালে বেশি ওয়ানডে আয়োজনের পরিকল্পনাও থাকতে পারে।

সহযোগী সদস্য দেশগুলোর কয়েকটি ক্রিকেট বোর্ড এ নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে পুরুষদের ওয়ানডে ক্রিকেটে দলের সংখ্যা কমিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ২০টি দেশের ওয়ানডে মর্যাদা রয়েছে। এর মধ্যে সহযোগী সদস্য দেশ আটটি। তবে ওয়ানডে বিশ্বকাপ আইসিসির আয়ের অন্যতম বড় উৎস হওয়ায় দল কমানোর আশঙ্কা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।

পুরুষদের ওয়ানডে মর্যাদাপ্রাপ্ত দলের সংখ্যা ৩২-এ উন্নীত করার প্রস্তাবও রয়েছে। তবে আপাতত সেটিকে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে না। এ ছাড়া সম্প্রচার স্বত্বের আয়ের ওপর আইসিসির নির্ভরতা কমাতে নতুন আয়ের উৎস খুঁজে বের করার সুপারিশও থাকতে পারে এই পর্যালোচনায়।

সদস্য দেশগুলোর মধ্যে আইসিসির রাজস্ব বণ্টন কাঠামো নিয়েও আলোচনা হবে। পরবর্তী চক্রে সদস্য দেশগুলো আগের তুলনায় কম রাজস্ব পাবে কি না, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।

আফগান শরণার্থী নারী ক্রিকেটারদের দল

এ বছরের মাঝামাঝি এডিনবরায় অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে আফগান শরণার্থী নারী ক্রিকেট দল গঠনের রূপরেখা তৈরির জন্য একটি বিশেষ টাস্কফোর্স পুনর্গঠন করে আইসিসি। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের সম্ভাব্য বাছাইপর্বে অংশ নেওয়ার লক্ষ্য সামনে রেখে আফগান শরণার্থী নারী ক্রিকেটারদের প্রশিক্ষণ ও ম্যাচ খেলার সুযোগ নিশ্চিত করার কথা রয়েছে। এ বিষয়ে উন্নয়ন কর্মসূচির পরবর্তী পদক্ষেপের প্রস্তাব বালিতে আইসিসি বোর্ডের কাছে উপস্থাপন করবে টাস্কফোর্স।

ডব্লিউটিসিতে ১২ দল! আইসিসির সভায় বড় আলোচনা

আইসিসির পরিচালনা কাঠামো পর্যালোচনা

আইসিসির সংবিধান ও পরিচালনা কাঠামোয় সংস্কার নিয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছে। বিষয়টি বরাবরই বিতর্কিত। এ পর্যন্ত আইসিসির সদস্যপদকে একক কাঠামোর আওতায় আনা এবং বোর্ডে আরও বেশি স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্ত করার মতো প্রস্তাব উঠেছে। এ বছরের বার্ষিক সম্মেলনে বিসিসিআইয়ের দেবজিৎ সাইকিয়ার নেতৃত্বে একটি গভর্ন্যান্স রিভিউ কমিটি গঠন করা হয়। আইসিসির পরিচালনা ও শাসনব্যবস্থা নিয়ে বিস্তারিত পর্যালোচনার দায়িত্ব পাওয়া এই কমিটি বালি সভায় তাদের প্রাথমিক সুপারিশ উপস্থাপন করবে।

আইসিসির এবারের সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দল বাড়ানো, ২০২৭-৩১ সালের আন্তর্জাতিক ক্রিকেট সূচি, ওয়ানডের ভবিষ্যৎ এবং আফগান শরণার্থী নারী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ তৈরি করা।

spot_imgspot_img
spot_img

Related Articles