ভরাডুবির পর কোচ অ্যালেগ্রিকে বরখাস্ত করল এসি মিলান । চলতি মৌসুমে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এসি মিলান। ইতালিয়ান সিরি-আ’য় ক্লাবটির ভরাডুবিকে ঘিরে বড় ধরনের রদবদলের পথেই হাঁটছে কর্তৃপক্ষ। সদ্য শেষ হওয়া মৌসুমটিকে ক্লাবটি ‘দ্ব্যর্থহীন ব্যর্থতা’ হিসেবে দেখছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমের শেষ ম্যাচে ক্যাগলিয়ারির কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে যায় এসি মিলান। এই ফলের পর টানা দ্বিতীয় বছরের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটি। লক্ষ্য ছিল ইউরোপের সেরা আসরে জায়গা করে নেওয়া, কিন্তু শেষ পর্যন্ত সেই মিশনে তারা পিছিয়ে পড়ে।
মৌসুমের বেশিরভাগ সময় অবশ্য ভিন্ন চিত্রই দেখা গিয়েছিল। পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ের কাছাকাছি অবস্থান করছিল মিলান। তবে শেষ দিকে একের পর এক বাজে পারফরম্যান্সে তারা ছিটকে পড়ে শীর্ষ চার থেকেও। সান সিরোতে ক্যাগলিয়ারির বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে হারে ক্লাবটি। সেই ব্যর্থতাই অ্যালেগ্রির বিদায়কে অবশ্যম্ভাবী করে তোলে।
ক্লাবের মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল এখন বড় ধরনের ছাঁটাই ও পুনর্গঠনের পথে যাচ্ছে। অ্যালেগ্রির পাশাপাশি ক্লাবের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদেরও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ব্যাপক সমালোচনার মধ্যেও ক্লাবের কিংবদন্তি এবং রেডবার্ডের বিশেষ উপদেষ্টা জ্লাতান ইব্রাহিমোভিচ নিজ পদে বহাল রয়েছেন।
এসি মিলান এখন নতুন কোচ এবং নতুন ফুটবল পরিচালনা পর্ষদ গঠনের প্রস্তুতি নিচ্ছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। আগামী ২০২৬-২৭ মৌসুমে ইউরোপা লিগে জুভেন্টাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে মিলান। কিন্তু তার আগে নিজেদের ভেঙে পড়া মৌসুমের ধাক্কা সামলাতে হবে রেড অ্যান্ড ব্ল্যাকদের।
