মেজর সকার লিগে নিজেদের মাঠ নু স্টেডিয়ামের খেলায় টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় সোমবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে তারা ফিলাডেলফিয়া ইউনিয়নকে হারিয়েছে। ৬-৪ গোলের জয়। লুইস সুয়ারেজ হ্যাটট্রিক করেছেন। জার্মান বার্টেরামে করেছেন জোড়া গোল। অন্য গোলটি ছিল রদ্রিগো ডি পলের।
ম্যাচে শুরুর একাদশে লিওনেল মেসি ছিলেন। কিন্তু তিনি কোনো গোলের দেখা পাননি। ৭৩ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছেড়ে চলে যান তিনি।
পয়েন্ট হারানোর শঙ্কা
নিজেদের নতুন স্টেডিয়ামে ইন্টার মায়ামির অভিষেক পর্বটা ছিল খুবই অস্বস্তির। আশা ও প্রত্যাশা নিয়ে সমর্থকরা নতুন মাঠে ভিড় করলেও একের পর এক হতাশ হতে হয়েছে তাদের। টানা চার ম্যাচে পয়েন্ট হারানোর পর পঞ্চম ম্যাচে এসে জয়ের দেখা পায় তারা। তিন ড্র’র পর চতুর্থ ম্যাচে হার। পঞ্চম ম্যাচে জয়ের পর ষষ্ঠ ম্যাচেও জয়।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে জয়ের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। ১৫ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট তাদের। পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে নাশভিলে। ১৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট।

ফিলাডেলফিয়া ইউনিয়নের ম্যাচটি মোটেও সহজ ছিল না। বরং নিজেদের মাঠে আরও একটি হারের শঙ্কায় কাঁপছিল তারা। অবস্থা এমন হয়েছিল এই ম্যাচে তারা জয় পাবে এমনটা ভাবারও ভক্ত ছিল না। বরং বড় হারের শঙ্কা ক্রমেই জোরালো হচ্ছিল। মাত্র দশ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়েছিল লিওনেল মেসিরা। শেষ পর্যন্ত হারতে হয়নি, বরং গোল বন্যা বইয়ে গেছে। ১০ গোলের ম্যাচ। প্রথমার্ধে আট গোল। উভয় দল চারটি করে গোল করে।
প্রথমার্ধে আট গোল
দুই গোলে পিছিয়ে পড়ার পর ইন্টার মায়ামি ত্রয়োদশ মিনিটে একটা গোল ফিরিয়ে দেয়। গোল করেন জার্মান বার্টেরামে। তবে এই উচ্ছ্বাস বেশিক্ষণ থাকেনি। বিশ মিনিটের সময় আবার গোল করে ফিলাডেলফিয়া। এগিয়ে যায় ৩-১ গোলে। ২৯তম ও ৪৪ মিনিটে লুইস সুয়ারেজ করেন জোড়া গোল। সুয়ারেজের দুই গোলের মাঝে আবার স্কোরশিটে নাম লেখান জার্মান বার্টেরামে। প্রথমার্ধের ইনজুরি সময়ে আবার ফিলাডেলফিয়া গোল পায়। পেনাল্টিতে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মিলান ইলোস্কি। ৪-৪ গোলে সমতা নিয়ে উভয় দল বিরতিতে যায়।
ম্যাচের দ্বিতীয়ার্ধ বৃষ্টিতে ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল। খেলাও শেষ পর্যায়ে। প্রথমার্ধের ৪৫ মিনিটে আট গোল হলেও দ্বিতীয়ার্ধে গোলের দেখা নেই। আরও এক ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কা মায়ামির। এমন সময়ে দলকে এগিয়ে নেন সুয়ারেজ। ৮১ মিনিটে তার করা গোলের সুবাদে হ্যাটট্রিক পূর্ণ হয় সুয়ারেজের। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে রদ্রিগো ডি পল গোল করে ইন্টার মায়ামির জয় নিশ্চিত করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















