বিসিবি ও কোয়াব নিয়ে বিস্ফোরক অভিযোগ আসিফ আকবরের । বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে আবারও সরব হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এবার তিনি ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রম নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে আসিফ দাবি করেন, ক্রিকেটারদের স্বার্থরক্ষার সংগঠন হিসেবে গড়ে ওঠা কোয়াব এখন আর প্রকৃত ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করছে না। তার ভাষ্য অনুযায়ী, সংগঠনটির গঠনতন্ত্র ভেঙে ‘পকেট কমিটি’ তৈরি করা হয়েছে এবং সেখানে সীমিতসংখ্যক ক্রিকেটারকে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। অথচ কোয়াবের সদস্যসংখ্যা প্রায় ১২৫০ বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি আরও দাবি করেন, নব্বইয়ের দশকে আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদের মতো সাবেক ক্রিকেটারদের উদ্যোগে কোয়াব প্রতিষ্ঠিত হয়েছিল ক্রিকেটারদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে। সেই সময় ক্রিকেটাররা ঐক্যবদ্ধভাবে আন্দোলনও করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
বর্তমান বিসিবি প্রশাসন নিয়েও তীব্র সমালোচনা করেন আসিফ আকবর। তার অভিযোগ, ক্রিকেট বোর্ডের বিভিন্ন কার্যক্রমে ব্যক্তিস্বার্থ ও প্রভাব বিস্তারের রাজনীতি কাজ করছে। এমনকি বিপিএলের একটি ম্যাচ ইচ্ছাকৃতভাবে আয়োজন হতে দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। এতে বোর্ডের আর্থিক ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন এই সংগীতশিল্পী।
একই পোস্টে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার ঘটনাও টেনে আনেন আসিফ। তিনি দাবি করেন, বাংলাদেশে ক্রিকেট কার্যক্রমে অস্থিরতা তৈরি করে নতুন বোর্ডকে চাপে রাখার চেষ্টা করা হয়েছে।
এ ছাড়া সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এবং বর্তমান বিসিবি সংশ্লিষ্ট কয়েকজনকে ঘিরেও বিভিন্ন অভিযোগ তোলেন তিনি। এমনকি লন্ডনের একটি রেস্টুরেন্টে বৈঠকের কথাও পোস্টে উল্লেখ করেন।
তবে আসিফ আকবরের এসব বক্তব্যের বিষয়ে বিসিবি বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















