ভিসা জট কাটিয়ে ম্যাচের আগে দলে যোগ দিলেন অ্যানালিস্ট মেহেদী

ভিসা জট কাটিয়ে ম্যাচের আগে দলে যোগ দিলেন অ্যানালিস্ট মেহেদী

ভিসা জট কাটিয়ে ম্যাচের আগে দলে যোগ দিলেন অ্যানালিস্ট মেহেদী । আধুনিক ফুটবলে ভিডিও অ্যানালিস্ট দলের প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ অংশ। অনুশীলন কিংবা ম্যাচে ফুটবলারদের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধরে রাখা, পরে তা বিশ্লেষণ করে ভুল-ত্রুটি বের করা, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করা, সবই এখন কোচিং প্রক্রিয়ার অপরিহার্য কাজ। কিন্তু এই গুরুত্বপূর্ণ সহকারীকে ছাড়াই সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। শেষ পর্যন্ত ম্যাচের দিন সকালে দলের সঙ্গে যোগ দিয়েছেন ভিডিও অ্যানালিস্ট মেহেদী হাসান সিদ্দিকী।

গোয়ায় মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচের আগে এতদিন দলের সঙ্গে কোনো অ্যানালিস্ট না থাকায় প্রস্তুতিতে কিছুটা চাপ তৈরি হয়েছিল। তবে ভিসা জটিলতা কাটিয়ে আজই ভারতে পৌঁছান মেহেদী। মূলত ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় তিনি আগে যেতে পারেননি। গত পরশু ভিসা হাতে পাওয়ার পর আজ সকালেই গোয়ায় চলে আসেন তিনি। দলে যোগ দিয়েই শুরু করেন মাঠের বাইরে নিজের দায়িত্ব।

গোয়ায় পৌঁছে মেহেদী জানান, ভিসা পেতে দেরি হওয়ায় তার যোগ দিতে বিলম্ব হয়েছে। ম্যাচের আগেই ভিডিও সেশন করার পরিকল্পনা রয়েছে, যেখানে প্রতিপক্ষ মালদ্বীপের শক্তি-দুর্বলতা ফুটবলারদের সামনে তুলে ধরা হবে। দলকে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের জন্য মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত করতেই তার এই কাজ।

বাংলাদেশ নারী দলের জন্য ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত অপেক্ষা করছে, আর সেটিকে ঘিরেই বড় চ্যালেঞ্জের আভাস দেখা যাচ্ছে। সেই ম্যাচের আগে ভারতীয় দলের শক্তি, দুর্বলতা এবং খেলার ধরন বিশ্লেষণের দায়িত্বও রয়েছে মেহেদীর কাঁধে। তিনি জানান, দলের বাইরে থাকলেও কোচের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রেখেছেন। কোচ কী চান, কোন দিকগুলো নিয়ে কাজ করতে হবে, তা জেনে তিনি আগেই কিছু বিশ্লেষণও পাঠিয়েছেন।

মালদ্বীপ ও ভারতের মধ্যকার ম্যাচ ইউটিউবে দেখে তারও একটি পর্যালোচনা তিনি কোচকে দিয়েছেন। পাশাপাশি ভারত তাদের আগের ম্যাচগুলোতে কীভাবে খেলেছে, কোথায় চাপ তৈরি করে, কোথায় দুর্বলতা আছে, সেই তথ্যও তুলে ধরেছেন তিনি। দলে দেরিতে যোগ দিলেও গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণী কাজের মাধ্যমে বাংলাদেশ নারী দলের প্রস্তুতিতে তার ভূমিকা এখন অনেকটাই স্পষ্ট।

Exit mobile version