ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’ এ আরেকটি চমক উপহার দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল সৌদি আরব। তবে শেষ পর্যন্ত উরুগুয়ের ম্যাক্সি আরাউহোর শেষ মূহুর্তের গোলে ১-১ সমতায় শেষ হয়েছে দুই দলের লড়াই। ভঙ্গ হয়েছে সৌদি আরবের জয়ের স্বপ্ন। প্রথম ম্যাচ থেকে উভয় দলকে এক পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।
উরুগুয়েকে চাপে রাখে সৌদি
কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছিল সৌদি আরব। সেই স্মৃতি আবারও ফিরিয়ে আনার স্বপ্ন দেখছিল মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা। ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত রক্ষণ এবং কার্যকর আক্রমণে তারা উরুগুয়েকে বেশ চাপে রাখে।
প্রথমার্ধের ৪১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে এগিয়ে যায় সৌদি আরব। হাসান আল তামবাকতির শক্তিশালী হেড উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা প্রথমে রুখে দিলেও ফিরতি বলে দ্রুত ঝাঁপিয়ে পড়ে জালে পাঠান আবদুলেলাহ আল আমরি। গোলেল পর সৌদি সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে স্টেডিয়ামের গ্যালারি।
বিরতির পর ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা দুই পরিবর্তন এনে দলের আক্রমণে নতুন গতি যোগ করেন। হতাশাজনক পারফরম্যান্সের কারণে লিভারপুলের সাবেক ফরোয়ার্ড ডারউইন নুনেজকে তুলে নেন। তার সিদ্ধান্ত দারুণ কাজে দেয়। একের পর এক আক্রমণে সৌদি রক্ষণকে ব্যতিব্যস্ত রাখে দক্ষিণ আমেরিকান দলটি।
ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তের নিচু শট অসাধারণ দক্ষতায় পোস্টের বাইরে পাঠান সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। ম্যাচ জুড়ে তিনি একের পর এক সেভ করে দলকে রক্ষা করেন। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের ৮০ মিনিটের সময় ফেদেরিকো ভিনাসের হেড আল ওয়াইস প্রতিহত করলেও ফিরতি বলে সুযোগ নষ্ট করেননি ম্যাক্সি আরাউহো। পোস্টের খুব কাছ থেকে বল জালে পাঠিয়ে উরুগুয়েকে খেলায় ফেরান তিনি।
সৌদি গোলরক্ষকের বীরত্ব
শেষ মূহুর্তেও নাটকীয়তা ছিল। যোগ করা সময়ে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দের শক্তিশালী শট দারুণভাবে কর্নারের বিনিময়ে রক্ষা করেন আল ওয়াইস। ম্যাচে মোট ৯টি সেভ করেন সৌদি গোলরক্ষক। ফলে ম্যাচ সেরার পুরস্কার শোভা পেয়েছে তার হাতে।
পুরো ম্যাচে উরুগুয়ে ২৮টি শট নেয়, যা তাদের আক্রমণাত্মক খেলার উদাহরণ। তবে সৌদি আরবের সংগঠিত রক্ষ”ণ এবং আল ওয়াইসের দূর্দান্ত কিপিংয়ের কারণে জয় পায়নি বিয়েলসার দল।
এদিকে গ্রুপের অন্য ম্যাচে কেপ ভার্দের কাছে স্পেন পয়েন্ট হারিয়েছে। ম্যাচটি ড্র হয়।
